ETV Bharat / state

ঝুলছে 7 মাস আগে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র, মালদা মেডিক্যাল যেন জতুগৃহ

শুধু মালদা জেলার বিভিন্ন প্রান্ত নয়, ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও রোজ বহু মানুষ পরিষেবা নিতে আসেন ।

ETV BHARAT
7 মাস আগে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র ঝুলছে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 11, 2025 at 12:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 11 ডিসেম্বর: মালদা মেডিক্যাল কলেজের বেশিরভাগ অগ্নি নির্বাপণ যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সাত মাস আগেই । গত সাত-আট মাস ধরে সে সব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি । পর্যাপ্ত পাউডার না-থাকা সিলিন্ডারগুলিই ঝুলছে । যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে কী পরিস্থিতি হতে পারে তা ভাবলেই গা শিউড়ে উঠবে । সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিন কত চাপ থাকে তা একসময়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে । শুধু মালদা জেলার বিভিন্ন প্রান্ত নয়, ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রতিদিন সেখানে বহু মানুষ পরিষেবা নিতে আসেন । হাসপাতালে মোট অনুমোদনপ্রাপ্ত বেডের সংখ্যা 1957 ৷ তবে কার্যকরী বেড রয়েছে 1120টি ৷ যদিও প্রতিদিনই এর থেকে প্রায় শ'দেড়েক বেশি রোগী হাসপাতালে ভর্তি থাকেন ৷ বারান্দা, করিডোর-সহ সর্বত্র দেখা যায় রোগীর চিকিৎসা চলছে ৷ এছাড়াও প্রতিদিন বহু মানুষ আউটডোরে চিকিৎসা করাতে আসেন ৷ অথচ বিপুল জনবহুল এরকম একটা স্থানে গত সাত মাস ধরে ঝুলছে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র ।

মালদা মেডিক্যাল যেন জতুগৃহ (নিজস্ব ভিডিয়ো)

এক রোগীর আত্মীয় মহম্মদ সেতাউর রহমান বলেন, "প্রতিদিন মালদা মেডিক্যালে বহু মানুষ পরিষেবা নিতে আসেন । কোনওভাবে কোনও দুর্ঘটনা ঘটে গেলে, বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । কোনও বিশেষভাবে সক্ষম রোগী কিংবা গর্ভবতী মায়েদের দুর্ঘটনার সময় পালানো সম্ভব নয় । মেডিক্যাল কর্তৃপক্ষের উচিত সময়মতো অগ্নি নির্বাপণ যন্ত্রগুলি যাচাই করা । যদি অগ্নি নির্বাপণ যন্ত্রগুলি এতদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে থাকে, তবে এখানে অবশ্যই গাফিলতি রয়েছে ।"

আরেক রোগীর আত্মীয় সুরজান আলি বলেন, "দুর্ঘটনা কখনও বলে আসে না । মালদা মেডিক্যালের একাধিক অগ্নি নির্বাপণ যন্ত্র নাকি মেয়াদ উত্তীর্ণ হয়েছে । যদি তাই হয়ে থাকে, তবে এখানে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে ।" মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বরও মেনে নিচ্ছেন যে, "মেডিক্যালে এধরনের ঘটনা কাম্য নয় । যদি মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র থাকে, তবে নিশ্চিতভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি রয়েছে । বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে আলোচনা করছি । তদন্ত করে গাফিলতি পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুণ্ডু বলেন, "আমি গত পরশুদিন মালদা মেডিক্যালে যোগদান করেছি । যদি কোনও অগ্নি নির্বাপণ যন্ত্রের প্রেশার না-থাকে, তবে সেই যন্ত্র লাগানো থাকা উচিত নয় । প্রেশার কম থাকা অগ্নি নির্বাপণ যন্ত্রগুলি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় । মেডিক্যালের সমস্ত অগ্নি নির্বাপণ যন্ত্র কী পরিস্থিতিতে রয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ।"