ETV Bharat / state

বায়ুদূষণে দিল্লিকে পাল্লা কলকাতার ! পদক্ষেপ করার আবেদন বিজ্ঞান মঞ্চের

বিশেষজ্ঞদের দাবি, এই দূষিত বাতাসে শ্বাস নেওয়া মানে দিনে 11.2টি সিগারেট পান করার সমতুল্য ক্ষতিসাধন করা ।

air pollution in kolkata
প্রতীকী চিত্র (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 7:36 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 ডিসেম্বর: বায়ুদূষণে জেরবার দিল্লি ৷ আর সেই দিল্লিকেই সাতদিন বায়ুদূষণে টেক্কা দিয়েছে কলকাতা । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । তারা দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা নিতে বিবৃতি দিয়ে আবেদন করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্বাস্থ্য, শ্রম ও শিশু কল্যাণ দফতরকে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, "আমরা লক্ষ্য করছি কলকাতার বায়ুদূষণের মাত্রা আতঙ্কজনক অবস্থায় পৌঁছে গিয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকর । এই অবস্থায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের দাবি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অবিলম্বে জনসাধারণের জ্ঞাতার্থে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করুক । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্বাস্থ্য দফতর জনসাধারণের সাস্থ্যের বিষয়ে প্রয়োজনীয় যৌথ ব্যবস্থাপনা গড়ে তুলুক । শ্রমজীবী মানুষ যারা বাইরে কাজ করেন তাদের বিষয়ে শ্রম দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক । শিশু কিশোর মহিলা এবং বৃদ্ধদের স্বাস্থ্যের বিষয়টিতে সরকার সর্বাধিক গুরুত্ব আরোপ করুক ।"

air pollution in kolkata
বিবৃতি (ছবি সূত্র-বিজ্ঞান মঞ্চ)

বিজ্ঞান মঞ্চ দাবি করেছে, চলতি মাসে গত 6 থেকে 11 ডিসেম্বর বায়ুদূষণের মাত্রার নিরিখে বিশ্বের দূষিততম শহর দিল্লিকে ছাপিয়ে গিয়েছে শহর কলকাতা । তারা তথ্য দিয়ে বলেছে, গত 6 ডিসেম্বর দুপুর 12টা 4 মিনিটে কলকাতার বায়ুর গুণগত মানের সর্বনিম্ন সূচক ছিল 184 ৷ যেখানে 10 ডিসেম্বর বেলা 12টা 4মিনিটে দিল্লির সর্বনিম্ন AQI ছিল 172 ৷ ।

অন্যদিকে 11 তারিখ সন্ধ্যা 6টা 4 মিনিটে কলকাতার AQI পৌঁছে গিয়েছিল ভয়াবহ 439 মাত্রায় । 11 তারিখের মধ্যরাতে দিল্লির সর্বোচ্চ AQI উঠেছিল 345-এ । 10 তারিখ মধ্যরাত থেকে 11 তারিখ মধ্যরাত পর্যন্ত এক দিনের হিসাবে 11 তারিখ বেলা 3 টে 4-এ কলকাতার AQI ছিল দিনের মধ্যে সর্বনিম্ন 207 । বেলা 4টে 4 মিনিটে দিল্লিতে রেকর্ড হয়েছে এই দিনের সর্বনিম্ন AQI 169, যা কলকাতার থেকে কম । তবে 11 তারিখ রাত 11টার পর সব রেকর্ড ভেঙে কলকাতার AQI পৌঁছে গিয়েছিল 558 তে । পিএম-10 ছিল 239 ইউনিট (সহনসীমা 100 ইউনিট), পিএম-2.5 ছিল 188 ইউনিট (সহনসীমা 60 ইউনিট) । এটাই সম্ভবত কলকাতার ক্ষেত্রে বায়ুদূষণের সর্বকালীন রেকর্ড ।

বিজ্ঞান মঞ্চের বিশেষজ্ঞরা বলছেন, "এতখানি দূষিত বাতাসে শ্বাস নেওয়া মানে দিনে 11.2টি সিগারেট পান করার সমতুল্য ক্ষতিসাধন করা । এমন ভয়ঙ্কর বায়ুদূষণের দাপটে এ শহরের আবাসিকদের ফুসফুস ও হৃৎপিণ্ড জনিত রোগের প্রকোপ বৃদ্ধি ঘটাবে । যত কম বেরোনো যায়, ততই মঙ্গল । দরকার আরও একাধিক পদক্ষেপ গ্রহণের ।"

সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, "শহরের বায়ুদূষণের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটপূর্ণ । সাধারণ মানুষ যাঁরা কাজে বের হচ্ছেন, তাঁদের নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়তে হবে । বিশেষ করে ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট মতো সমস্যা । জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার দাবি জানাচ্ছি জনস্বার্থে । যাতে দিল্লির হাসপাতাগুলির ছবি এখানে দেখা না যায় ।"

শীত পড়তেই দূষণ আতঙ্ক ফিরছে কলকাতায় । দিল্লির দূষণ রীতিমত আতঙ্কের নজির গড়েছে । তার প্রভাব মানব জীবনে যেভাবে পড়েছে সেটা এখন সাধারণ নাগরিকরা দিনের আলোর মত স্পষ্ট দেখতে পারছেন । বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড় । এবার সেই দিকেই এগোচ্ছে কলকাতার দূষণের ছবি ৷