উচ্চমাধ্যমিক: সংসদের সভাপতি পদে বদল, চালু হচ্ছে একাধিক নতুন বিষয়
উচ্চমাধ্যমিক স্তরে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে একাধিক নতুন বিষয় চালুর উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্য৷মিক শিক্ষা সংসদ ।

Published : February 27, 2026 at 7:59 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নতুন সভাপতির নাম ঘোষণা করল শিক্ষা দফতর । সংসদের নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার । বর্তমানে তিনি গণিতের সহযোগী অধ্যাপক (WBES) হিসেবে কর্মরত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন । আগামী 2 মার্চ থেকে তিনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ।
পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তিনি এই পদেই বহাল থাকবেন । এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য । তবে বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদেও নিযুক্ত রয়েছেন । নতুন সভাপতি জানান, "নির্ধারিত দিন থেকেই আমি আমার দায়িত্ব গ্রহণ করব ।"
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর থেকে শুরু করেছে সেমেস্টার পদ্ধতি । এই বছর সেমেস্টার পদ্ধতি ঘিরে দেখা গিয়েছিল বিভিন্ন বিতর্ক । উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব অর্থাৎ দ্বিতীয় সেমেস্টারে বিক্ষোভ দেখিয়েছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা । তাঁদের অভিযোগ ছিল, বই অনেক দেরিতে পাওয়ায় পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারেনি । আবার উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পর্ব অর্থাৎ চতুর্থ সেমেস্টারেও সেই বিক্ষোভ দেখা গিয়েছিল । সেই সময় অভিযোগ ছিল, বহু শিক্ষক-শিক্ষিকা এসআইআরের কাজে ব্যস্ত । অন্যদিকে, বই দেরিতে এসেছে, ফলে সিলেবাস শেষ হয়নি বলে অভিযোগ করা হয় ।
এই বছর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি থেকে । পরীক্ষা শেষ হল শুক্রবার । তিনটে পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লাখ 10 হাজার । ছাত্রের সংখ্যা 44.40% এবং ছাত্রীর সংখ্যা 55.60%। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় 79,347 বেশি । এই বছর সেমেস্টার 4-এ পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 35 হাজার 864 । পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছে প্রায় 15 হাজার 495 । সেমেস্টার-3-তে পরীক্ষার্থীর সংখ্যা 59 হাজার 452 । মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2103 ।
এদিকে, উচ্চমাধ্যমিক স্তরে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে একাধিক নতুন বিষয় চালুর উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্য৷মিক শিক্ষা সংসদ (WBCHSE)। গত তিন বছরে চালু হওয়া আধুনিক ও কর্মমুখী কিছু বিষয়কে এবার বিশেষ কোর্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংসদ ।
সংসদ সূত্রে জানা গিয়েছে, Council Assisted Courses (CAC)-এর অন্তর্ভুক্ত করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়ান্স (AIDS), অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (APAI) এবং সাইবার সিকিউরিটিকে (CBST)। এই কোর্সগুলির ক্লাস নিয়মিত পাঠ্যসূচির বাইরে, স্কুল-সময়ের পর অনলাইন মাধ্যমে নেওয়া হবে । এর ফলে প্রযুক্তিনির্ভর নতুন বিষয়ে আগ্রহী পড়ুয়াদের অতিরিক্ত প্রশিক্ষণের সুযোগ মিলবে ।
এছাড়াও, কাউন্সিল টট কোর্সেস (CTC)-এর অধীনে কয়েকটি নতুন প্রকল্পভিত্তিক বিষয় চালুর পরিকল্পনা করেছে সংসদ ৷ এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলির পাঠদান সরাসরি সংসদের তত্ত্বাবধানে হবে । মূল পাঠ্যক্রমের অংশ হিসেবে বিষয়গুলি অনলাইনেই পড়ানো হবে । প্রয়োজন হলে জেলা ভিত্তিক অফলাইন ক্লাসের ব্যবস্থাও করা হতে পারে ।
স্কুলগুলিকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই বিষয়গুলির জন্য আবেদন করতে হবে এবং আগ্রহী শিক্ষার্থীদের নাম নথিভুক্ত করতে হবে । স্কুলভিত্তিক শিক্ষার্থীদের তথ্য ও নির্বাচিত বিষয়গুলির একটি পৃথক ডেটা বেস তৈরি করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পাঠদানের জন্য যোগ্য ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে । ক্লাস নেওয়া হবে জুম প্ল্যাটফর্মে ৷
পাশাপাশি সিলেবাসভিত্তিক প্রি-রেকর্ডেড ভিডিয়োও ব্যবহার করা হতে পারে । এই নতুন বিষয়গুলির পরিচালনা পদ্ধতি, স্কুল ও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং সম্পূর্ণ কার্যপ্রণালী শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পর্ষদ । এছাড়া, সিটিসি-এ অধীনে অন্তর্ভুক্তির জন্য আরও কিছু বিষয় বর্তমানে বিবেচনাধীন রয়েছে ।

