বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে আহত 1, নেপথ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো !
ঘটনায় স্থানীয়দের একাংশ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজকে দায়ী করলেও অন্যদের দাবি, আগে থেকে বিপজ্জনক ছিল বাড়িটি ৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিধায়ক এবং কাউন্সিলর ৷

Published : December 7, 2025 at 7:27 PM IST
কলকাতা, 7 ডিসেম্বর: আবার বউবাজারে বিপর্যয় ৷ এবার একটি পুরনো বাড়ির বারান্দার একাংশ ভেঙে আহত হলেন এক প্রৌঢ় ৷ রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে ৷ এই ঘটনায় মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরের কাজকেই দায়ী করছেন স্থানীয়দের একাংশ ৷ তবে, বাড়িটি আগে থেকেই বিপজ্জনক ছিল বলে জানা গিয়েছে ৷ কী কারণে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ারদের তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বউবাজারে বাড়ি ধসে পড়া থেকে শুরু করে বহু পরিবারের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র বসবাস- এই ধরনের নানা ছবি বিগত বেশ কয়েকবছরে বারবার দেখা গিয়েছে ৷ মেট্রোর কাজ শেষ হয়ে ইস্ট-ওয়েস্ট রুটে ট্রেন ছুটতেও শুরু করেছে ৷ কিন্তু, এখনও আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের ৷ সেই আতঙ্কে নয়া সংযোজন রবিবারের ঘটনা ৷
এদিন বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি পুরনো বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ল ৷ সেই সময় ওই বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বাসিন্দা পাপ্পু সিং (59) ৷ তাঁর মাথায় ও ঘাড়ে আঘাত লেগেছে ৷ দ্রুত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷
স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, কলকাতা মেট্রোর কাজের জন্যই এই ঘটনা ঘটেছে ৷ তবে আরকেটি অংশের দাবি, ওই বাড়িটি আগে থেকেই বিপজ্জনক ছিল ৷ বাড়িটির সংস্কার চলছিল ৷ সেই কারণেই ভেঙে গিয়ে থাকতে পারে ৷ এক স্থানীয় বাসিন্দার কথায়, "কী কারণে ভেঙেছে তা বোঝা কঠিন ৷ আসলে মেট্রোর বিপর্যয়ের পর থেকেই সকলে আতঙ্কে থাকেন ৷ কখন কী হয় তা নিয়ে বাসিন্দারা আতঙ্কিত !"
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ পরিস্থিতি খতিয়ে দেখে, স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ বিশ্বরূপ বলেন, "ঘটনার খবর পেয়ে আমি এসেছি ৷ সবটা খোঁজ নিলাম ৷ পরিবারের লোকজনের বক্তব্য শুনেছি ৷ মেট্রোর জন্য, নাকি বাড়িটি পুরনো সেই কারণে সবটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুরনিগমের ইঞ্জিনিয়ারদের ৷ স্থানীয় থানা খবর পেতেই পুলিশ বাহিনী ও সঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠিয়েছিল ৷ এখন পরিস্থিতি স্বাভাবিক ৷ কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের কর্তারা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন বিপজ্জনক অংশটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কি না ৷"

