ETV Bharat / state

ধর্মতলায় 600 কেজি নিষিদ্ধ বাজি-সহ গ্রেফতার 1, মহেশতলায় বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত

মহেশতলা ও বজবজের একাধিক জায়গায় পুলিশের অভিযান ৷ মোট 23টি মামলা রুজু করেছে পুলিশ ৷

BANNED FIRECRACKERS SEIZED
উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ৷ (ছবি- ডায়মন্ডহারবার পুলিশ)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 8:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা ও ডায়মন্ডহারবার, 18 অক্টোবর: সপ্তাহ শেষে চাঞ্চল্যকর ঘটনা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার লালবাজারের গোয়েন্দারা 600 কেজি বেআইনি বাজি-সহ এক যুবককে গ্রেফতার করলেন ৷ ধৃতের নামে মহম্মদ জিশান (23) ৷ বাড়ি তোপসিয়া থানা এলাকায় ৷ অন্যদিকে, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অভিযানে মহেশতলার নুঙ্গি ও বজবজের একাধিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1000 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷

কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ধর্মতলা বাস টার্মিনাস সংলগ্ন মেয়ো রোডে কলকাতা রেফারি’জ অ্যাসোসিয়েশনের কাছে অভিযান চালানো হয় ৷ সেখানে এক সন্দেহজনক যুবককে আটক করেন কলকাতা পুলিশের আধিকারিকরা ৷ তার কাছে তিনটি বড় নাইলনের ব্যাগ ও বেশ কয়েকটি বাক্স ছিল ৷ সেগুলি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ৷ যার মধ্যে ছিল কালী পটাকা, চকলেট বোমা, রকেট-সহ আরও নানাধরনের বিপজ্জনক আতশবাজি ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বাজিগুলি কলকাতা থেকে আসানসোলে পাঠানো হচ্ছিল ৷

Banned Firecrackers Seized
ডায়মন্ডহারবার জেলা পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ৷ (ছবি- ডায়মন্ডহারবার পুলিশ)

ধৃতকে তৎক্ষণাৎ গ্রেফতার করে ময়দান থানায় নিয়ে যাওয়া হয় ৷ তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ বাজিগুলি বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বড় কোনও চক্রের মাধ্যমেই এই বাজিগুলি শহরে এসেছিল এবং উৎসবের মরশুমে, তা বিভিন্ন জেলায় পাচার করার পরিকল্পনা ছিল ৷

কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটা মিলিয়ে এখন টানা উৎসবের মরশুম ৷ তারপরেই জগদ্ধাত্রী পুজো ৷ এই সময় বেআইনি বাজি রুখতে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ ৷ শহরজুড়ে চলছে তল্লাশি ও অভিযান ৷ বিভিন্ন থানা এলাকার আবাসন ও কমপ্লেক্সে বৈঠক করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷ পুলিশ আধিকারিকরা আদালতের নির্দেশ অনুযায়ী সবাইকে বোঝাচ্ছেন, কোন বাজি ফাটানো বৈধ, আর কোনটা আইনবিরুদ্ধ ৷

Banned Firecrackers Seized
মহেশতলায় বাজির দোকানে পুলিশের অভিযান ৷ (ইটিভি ভারত)

এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আদালতের নির্দেশ মেনে বেআইনি বাজি বিক্রি বা মজুতের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিচ্ছি ৷ শহরে কেউ এই ধরনের বাজি রাখলে বা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷" উৎসবের আমেজে যাতে কোনও বিপদ না দেখা দেয়, সেই লক্ষ্যেই শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ ৷

মহেশতলা ও বজবজে 1 হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত

কালীপুজোর আগে ডায়মন্ডহারবার জেলা পুলিশের মহেশতলা ও বজবজ থানার আধিকারিকরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় 1000 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে ৷ উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির প্রেক্ষিতে পুলিশের তরফে 23টি পৃথক মামলার রুজু করা হয়েছে ৷

এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার বিশপ সরকার বলেন, "নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা বেআইনি ৷ ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে গত একমাস ধরে বিভিন্ন থানা এলাকাগুলিতে অভিযান চালানো হয় ৷ পুলিশি অভিযানে 1000 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে 23টি পৃথক মামলা রুজু করা হয়েছে ৷"

Banned Firecrackers Seized
কলকাতা পুলিশের অভিযানে ধর্মতলা থেকে উদ্ধার (ছবি- কলকাতা পুলিশ)

মূলত, মহেশতলার নুঙ্গি ও বজবজ-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় পুলিশের তরফে ৷ পুলিশ সুপার বলেন, "অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলিকে আমরা নিরাপদে নষ্ট করেছি ৷ এই এলাকায় আর কোথাও নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছে কি না, সেদিকে নজর রাখা হয়েছে ৷ নিষিদ্ধ শব্দবাজি ক্রয় এবং বিক্রয় করা বেআইনি ৷ যে সকল বাজি ব্যবসায়ীরা নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"