ETV Bharat / state

SIR তালিকা প্রকাশের পরই ECI-এর সঙ্গে আজ বিশেষ বৈঠক রাজ্যের

বাংলায় ভোটের প্রস্তুতি নিয়ে আজ, সোমবার সকাল 11টায় জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকল নির্বাচন কমিশন । সোমবার সারাদিন ধরে চলবে বৈঠক ৷

ECI CALLS VIRTUAL MEETING
কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 10:59 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ SIR-এর পালা শেষ হতে না-হতেই শুরু হয়ে গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব । আর তা নিয়েই সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ রাজ্যের সিইও ও ECI-এর বিশেষ বৈঠক হতে চলেছে । প্রথমে আজ ও আগামিকাল এই দু'দিন ব্যাপী বৈঠক হওয়ার কথা থাকলেও মনে করা হচ্ছে, দোলের জন্যেই দু'দিনের বদলে একদিনেই সারা হবে বৈঠক । তাই একদিনেই হবে ভোট প্রস্তুতি নিয়ে পর্যালোচনা । আজ এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশকর্তারা । সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরাও ৷

সংশোধিত সূচি অনুসারে এদিন বেলার দিকে প্রথম ধাপে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে । এরপর দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার বৈঠক । বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) এবং সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে আরও একটি বৈঠক রয়েছে । সন্ধ্যা 6টার পর বিভিন্ন সংস্থাগুলির প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার বা Sr. DEC, ডেপুটি নির্বাচন কমিশনার, ডিরেক্টর জেনারেল, প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-সহ শীর্ষ আধিকারিকরা ।

রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর আজ থেকেই জেলায় জেলায় টহল দেওয়া শুরু হয়ে যাবে তাদের । তাই কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে আলোচনা করতেই এবং আসন্ন নির্বাচনকে নজরে রেখেই রাজ্যের আইনশৃঙ্খলা, বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, ভোটার তালিকা সংশোধন-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই খবর । 2 দিনের পরিবর্তে একদিনে ম্যারাথন বৈঠকের সিদ্ধান্তে প্রস্তুতি আরও ভালোভাবে খতিয়ে দেখতে চায় কমিশন ।

উল্লেখ্য, শনিবার SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এসআইআর-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা এদিন প্রকাশিত হলেও 60 লক্ষ 6 হাজার 675 জন ভোটারের নাম এখনও 'বিবেচনাধীন'। তালিকায় নাম থাকলেও তাঁদের নথি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি হয়নি । ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে ।