ETV Bharat / state

51টি আইটিআই বিক্রি নয় ! বিতর্কে মুখ খুললেন মন্ত্রী জগন্নাথ

মন্ত্রী জানান, শিল্প সংস্থার প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন' মডেলে কাজ করা হবে ৷

Jagannath Chattopadhyay
মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 7, 2026 at 8:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুলাই: রাজ্যের 51টি সরকারি আইটিআই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সাম্প্রতিক এই জল্পনাকে কার্যত উড়িয়ে দিল রাজ্য সরকার । উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন, আইটিআই বিক্রি বা বেসরকারিকরণ নয়, শিল্প সংস্থার সঙ্গে যৌথউদ্যোগে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিই সরকারের লক্ষ্য ।

মঙ্গলবার শিয়ালদায় একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের সরকারি আইটিআইগুলিকে শিল্পমুখী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । তাঁর দাবি, গত কয়েক দিন ধরে যে ভাবে 51টি আইটিআই বেসরকারিকরণের খবর ছড়ানো হচ্ছে, তা প্রকল্প সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে ।

Jagannath Chattopadhyay
উচ্চশিক্ষা মন্ত্রী (নিজস্ব চিত্র)

জগন্নাথের কথায়, "51টি আইটিআই বিক্রি করা হচ্ছে না, বেসরকারি সংস্থার হাতেও তুলে দেওয়া হচ্ছে না । শিল্প সংস্থার প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন' মডেলে কাজ করা হবে ।"

মন্ত্রী জানান, কেন্দ্রের পিএম সেতু (PM SETU) প্রকল্পের আওতায় দেশজুড়ে এক হাজার আইটিআইকে শিল্প সংস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে । পশ্চিমবঙ্গও সেই প্রকল্পে 51টি আইটিআইকে অন্তর্ভুক্ত করতে চায় । তবে সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলি শুধু প্রশিক্ষণের অংশীদার হবে, প্রতিষ্ঠানের মালিকানা বা প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে না ।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, কোনও শিল্প সংস্থা যদি নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে প্রশিক্ষণ দিতে চায়, তা হলে সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও আর্থিক ব্যয়ের অংশ তাদেরই বহন করতে হবে । সরকারের সঙ্গে যৌথভাবে পাঁচ বছরের চুক্তিতে এই কর্মসূচি চলবে । নির্দিষ্ট মেয়াদ শেষে উভয় পক্ষ চাইলে চুক্তি নবীকরণ করতে পারবে, আবার প্রয়োজনে তা থেকে সরে আসার সুযোগও থাকবে ।

মন্ত্রী আরও বলেন, "শিল্প সংস্থাগুলিকে আমরা বলছি, শুধু দক্ষ কর্মী চাইলে হবে না, দক্ষ কর্মী তৈরির প্রক্রিয়াতেও বিনিয়োগ করতে হবে । তবেই শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি হবে ।"

তাঁর দাবি, এই মডেলের ফলে সরকারি আইটিআইগুলির স্বকীয়তা ও সরকারি চরিত্র অক্ষুণ্ণ থাকবে । পাশাপাশি পড়ুয়ারা সরাসরি শিল্প সংস্থার প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পাওয়ায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে ।

সম্প্রতি 51টি আইটিআই বেসরকারিকরণের জল্পনা ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল । সেই আবহেই সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী জানিয়ে দিলেন, এটি বেসরকারিকরণ নয়, বরং শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার প্রকল্প ।