ETV Bharat / state

কমিশনের তথ্যেই মা-ছেলের বয়সের পার্থক্য প্রায় 20, কীভাবে অমর্ত্যকে নোটিশ কমিশনের ?

2002 সালের এসআইআর অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য প্রায় 20 বছর ৷

AMARTYA SEN GETS EC NOTICE
শান্তিনিকেতনের বাড়িতে নোবেলজয়ী (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 8:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

অভিষেক দত্ত রায়ের প্রতিবেদন

বোলপুর, 7 জানুয়ারি: মায়ের সঙ্গে বয়সের পার্থক্যের তথ্যগত কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন ৷ 2002 সালের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের বয়স ছিল 88 বছর । বর্তমানে অমর্ত্য সেনের বয়স 92 বছর । তাহলে কীভাবে তাঁর সঙ্গে মায়ের বয়সের পার্থক্য 15 বছর লিখে নোটিশ দিল নির্বাচন কমিশন ? কমিশনের তথ্যেই অমর্ত্য সেন ও তাঁর মা অমিতা সেনের বয়সের পার্থক্য প্রায় 20 বছর । তারপরও ভ্রান্ত নোটিশ কীভাবে ? উঠছে প্রশ্ন ৷

কমিশনের তথ্য অনুযায়ী, 268 নম্বর বোলপুর বিধানসভার ভোটার ছিলেন শান্তিনিকেতনের শ্রীপল্লীর বাসিন্দা অমিতা সেন ৷ 2002 সালের এসআইআর অনুযায়ী, দেখা গিয়েছে 268 নম্বর বিধানসভার 126 নম্বর অংশের 898 ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তাঁর ৷ স্বামী আশুতোষ সেন ৷

AMARTYA SEN GETS EC NOTICE
2002 সালের তালিকায় অমর্ত্য সেনের মায়ের নাম (ইটিভি ভারত)

তথ্য অনুযায়ী, 1912 সালের 17 জুলাই জন্মগ্রহণ করেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা আশ্রম কন্যা অমিতা সেন ৷ 2005 সালের 22 অগস্ট তিনি প্রয়াত হন ৷ এদিকে, 1933 সালের 3 নভেম্বর জন্মগ্রহণ করেন অমর্ত্য সেন ৷ এই মুহূর্তে তাঁর বয়স 92 বছর । বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইআরও (ERO) তানিয়া রায় ও বিএলও (BLO) সোমব্রত মুখোপাধ্যায়-সহ 4 অফিসার 'প্রতীচী'তে যান এসআইআর-এর শুনানি নোটিশ নিয়ে ৷

এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন ৷ তাই পাশের বাড়িতে গিয়ে মামাতো ভাই শান্তভানু সেন ও প্রতীচী বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকন্ঠ মজুমদারের হাতে নোটিশ ধরানো হয় ৷ নোটিশে উল্লেখ করা হয়, কমিশনে কাছে থাকা নথিতে অমর্ত্য সেনের বয়স তাঁর মায়ের বয়সের থেকে 15 বছর কম। তাই তাঁকে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে হবে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে ৷ এছাড়া, অমর্ত্য সেনের নামের বানানোও সামান্য ভুল রয়েছে ।

AMARTYA SEN GETS EC NOTICE
2002 সালের তালিকায় অমর্ত্য সেনের মায়ের নাম (ইটিভি ভারত)

প্রশ্ন উঠছে, 2002 সালের ভোটার তালিকায় অমর্ত্য সেনের মায়ের বয়স 88 বছর হলে পরিসংখ্যান অনুযায়ী এখন বয়স হচ্ছে প্রায় 112 বছর । আর অমর্ত্য সেনের বয়স 88 বছর, তাও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ীই ৷ সুতরাং, তাঁর মায়ের সঙ্গে অধ্যাপক সেনের বয়সের পার্থক্য প্রায় 20 বছর । তাহলে, নির্বাচন কমিশন কীভাবে 'ভারতরত্ন'কে ভ্রান্ত নোটিশ দিতে পারে ? 2002 ও 2025 সাল দু'টি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মা ও ছেলের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 20 বছর ৷ তাহলে 15 বছর লিখে তথ্য চাওয়া কি অধ্যাপক সেনকে হেনস্থা করার জন্যই ? কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন ৷

উল্লেখ্য, এই প্রথম দেশের একজন নোবেলজয়ী ভারতরত্নকে এসআইআর-এর শুনানি নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন । কমিশনের এই পদক্ষেপে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে ৷ যদিও সুর নরম করে কমিশন জানিয়েছে, এই সামান্য ভুলের জন্য অমর্ত্য সেনকে সশরীরে শুনানিতে অংশ নিতে হবে না ৷ বুথ লেভেল অফিসাররাই ঠিক করে দেবেন।

পড়ুন: SIR ব্যূহে অমর্ত্য, প্রতীচীতে নোটিশ হাতে কমিশন