ETV Bharat / state

মন্থার রেশ কাটিয়ে ছন্দে ফিরছে আবহাওয়া, রাজ্যের কোথায় কেমন থাকবে তাপমাত্রা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ ৷ তার প্রভাবে বঙ্গে কে ফের বৃষ্টির আশঙ্কা ? পড়ুন বিস্তারিত ৷

WEST BENGAL WEATHER UPDATE
বঙ্গে আবহাওয়ার পূর্বাভাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 8:46 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 নভেম্বর: ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে বঙ্গে দাপট দেখিয়েছে ঝড়বৃষ্টি ৷ তবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপাতত কোনও প্রভাব নেই বঙ্গে ৷ কয়েকদিন জোলো বাতাস, সেই সঙ্গে আংশিক মেঘলা থাকবে বঙ্গের আকাশ ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন অঞ্চলে বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে । তার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত । নিম্নচাপটি আগামী 48 ঘণ্টায় মায়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ।

এই নিম্নচাপের প্রভাবে সোম থেকে বুধবার পর্যন্ত পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলের কাছাকাছি ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সমুদ্র উত্তাল থাকবে ৷ বাতাসের গতি থাকবে প্রতি ঘণ্টায় 35-45 কিলোমিটার ৷ এই দমকা হাওয়ার গতিবেগ 55 কিমি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের এই সময়ে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আজ কেমন থাকবে আবহাওয়া ?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা ৷

এখনও পর্যন্ত নিম্নচাপের অভিমুখ বাংলার দিকে না-হাওয়ায় বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়াই থাকবে বঙ্গজুড়ে ৷ সেই সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে কমবে বলে অনুমান করা হচ্ছে । যদিও শীতের আগমনে আরও কিছুটা সময় লাগার সম্ভাবনা রয়েছে ৷ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকলেও, বুধবার ও বৃহস্পতিবার নদিয়া, দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, শুক্রবার থেকে ফের দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানা গিয়েছে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে সোম থেকে শুক্রবার মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে সমস্ত জেলায় ।

রবিবারের তাপমাত্রার রেকর্ড

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 74 শতাংশ ।

পড়ুন: মহাদেবের কৃপায় এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলবে আজ