রাজ্যজুড়ে শুষ্কতা, পারদ পতনে মনোরম আবহাওয়া
ঠান্ডা-গরমের আবহাওয়া ভালো লাগলেও অনেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন এই সময় ৷ তবে আপাতত কয়েকদিন এই আবহাওয়ায় সঙ্গী হবে বঙ্গবাসীর ৷

Published : November 8, 2025 at 7:20 AM IST
কলকাতা, 8 নভেম্বর: হেমন্তের হিমেল হাওয়া গায়ে মেখে শীত আগমনের দিন গুনছে বাংলা ৷ তবে হিমেল হাওয়ার পরশ যে সবসময় পাওয়া যাচ্ছে এমনটা নয় ৷ দিনের বেলা কখনও কখনও রোদের তেজে একটু অস্বস্তি হচ্ছে বইকি ৷ রাতে হালকা ঠান্ডার আমেজ মিললেও মশা ও অন্যান্য পোকামাকড়ের উৎপাত এখনও পুরোপুরি যায়নি ৷ ফ্যান চালালে কখনও ঠান্ডা লাগছে আবার না চালালে হালকা গরমের অস্বস্তি ৷ কার্তিকের শেষ লগ্নে বাংলার বাড়িগুলিতে এমনই পরিবেশ এখন ৷ ফ্যান চালানো আর বন্ধ নিয়ে একরকম 'ঠান্ডা' লড়াই ৷ হালকা ঠান্ডাকে অবহেলা করার কারণে গলা ব্যথা, সর্দি-কাশিও শুরু হচ্ছে ৷ এখন এরকম আবহাওয়াই সঙ্গী হবে কয়েকদিন ৷
আজকের আবহাওয়া যেমন থাকবে
আজ শনিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গেও পরিস্থিতিটা একইরকম থাকবে । সেখানেও দক্ষিণের সব জেলার মতই আবহাওয়া খটখটে থাকবে । দক্ষিণের জেলাগুলিতে বুধবারের পরের তিন দিন থেকে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস ।
সেই সময় উত্তরবঙ্গেও পারদ নামবে । তবে তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে ঠান্ডা এখনই পড়ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস । আসলে উত্তুরে হাওয়া এখনও রাজ্যে প্রবেশ করেনি । পারদ পতনে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হবে মাত্র । তাই বলাই যায়, আপাতত কয়েকদিন মনোরম আবহাওয়াই প্রাপ্তি বঙ্গবাসীর ।
সারা রাজ্যে এখন আবহাওয়া থাকবে শুকনো । কোথাও বিক্ষিপ্ত বা সামান্য বৃষ্টিরও সম্ভাবনা নেই । বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপের ভ্রুকুটি দেখা যাচ্ছে না এখনও । যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা শক্তি হারিয়েছে । ফলে মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.08 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 87 এবং সর্বনিম্ন 55 শতাংশ ।

