ঘূর্ণিঝড়ের চোখরাঙানি নেই, শুষ্ক আবহাওয়ায় বাংলাজুড়ে শীতের আগমনী
বাংলায় এখন শীতের অনুকূল পরিবেশ ৷ আগামী তিনদিন তাপমাত্রা সামান্য বাড়লেও তারপর থেকেই ফের নামবে পারদ ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা, রইল বিস্তারিত ৷

Published : November 30, 2025 at 7:37 AM IST
কলকাতা, 30 নভেম্বর: শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালিয়ে ভারতে আসছে ঘূর্ণিঝড় দিতওয়া ৷ যার জেরে উত্তাল সমুদ্র । ঘূর্ণিঝড়ের দাপটে ত্রাহি মধুসূদন অবস্থা দক্ষিণের তিন রাজ্যের । যদিও বঙ্গ উপকূলে তার প্রভাব নেই । বরং শুষ্ক আবহাত্তয়ার হাত ধরে শীতের প্রত্যাশায় দিন গুনছে বাংলা ।
ঘূর্ণিঝড় দিতওয়ার বর্তমান অবস্থান
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া । যার জেরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া বুলেটিন অনুসারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উত্তর উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় দিতওয়া ঘণ্টায় প্রায় 8 কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে । গতকাল শনিবার ঘূর্ণিঝড়টি জাফনা থেকে 80 কিমি পূর্বে, ভেদারানিয়ম থেকে 140 কিমি দক্ষিণ-পূর্বে, কারাইকালের 170 কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, পুদুচেরি থেকে 280 কিমি দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে 380 কিমি দক্ষিণে ছিল ।
উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ রবিবার 30 নভেম্বরের ভোরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর অঞ্চলে পৌঁছতে পারে দিতওয়া । রবিবার সন্ধ্যার মধ্যে ঝড়টি তামিলনাড়ু উপকূলের কাছাকাছির মধ্যে দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে ।
বাংলায় দিতওয়া'র প্রভাব
ইতিমধ্যেই বলা হয়েছে বাংলার আবহাওয়ায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাব নেই । রাজ্যজুড়ে আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী তিনদিন ( সোম, মঙ্গল, বুধ ) রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই । নতুন করে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামবে না । পরবর্তী তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে । তখন থেকে গোটা রাজ্যেই শীতের আমেজ পাওয়া যাবে ।
আজকের আবহাওয়া যেমন থাকবে
আজ রবিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । অন্যান্য দিনের মতোই ভোরে থাকবে কুয়াশার দাপট । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.09 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.04 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.01 কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 এবং সর্বনিম্ন 42 শতাংশ ।

