হাইকোর্টের নির্দেশে কাটল জটিলতা, কোচবিহার রাসমেলার মাঠে রবিতে সভা নিতিন নবীনের
রবিবার কোচবিহার থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে । সেই সভায় উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন ৷

Published : February 28, 2026 at 1:52 PM IST
কোচবিহার, 28 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজেপির প্রস্তাবিত পরিবর্তন যাত্রা তথা রথযাত্রা নিয়ে জটিলতা কাটল । আদালতে ছাড়পত্র পেতেই অবশেষে কোচবিহারের রাসমেলা মাঠে সভামঞ্চ তৈরির কাজ শুরু হল ।
1 মার্চ অর্থাৎ রবিবার কোচবিহার থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে । রাসমেলা মাঠে সেই সভা অনুষ্ঠিত হবে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন । ওইদিন দুপুরে কোচবিহারে আসবেন তিনি । প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেবেন । এরপর রাসমেলা মাঠের সভামঞ্চ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন ।
এই পরিবর্তন যাত্রা যে মাঠ থেকে শুরু হওয়ার কথা সেই রাসমেলা মাঠের মালিকানা কোচবিহার জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের হাতে । তারা বিজেপির সভার জন্য মাঠের অনুমতি দেয়নি । ফলে সভা হওয়া নিয়ে জটিলতা দেখা দেয় । সভামঞ্চ তৈরির জন্য বাইরে থেকে মালপত্র এনে কাজ শুরু করতে পারেননি শ্রমিকরা । এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি । শুক্রবার দুপুরে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সভার ছাড়পত্র দেয় ৷ আর তাতেই জটিলতা কাটে ।
বিজেপির রাজ্য সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, "এটা তৃণমূলের সরকারের কালচার । তাই বিজেপির জাতীয় সভাপতির সভার অনুমতি দিচ্ছিল না । তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা । রাজ্য সরকারের মুখ পুড়েছে । হাইকোর্টের নির্দেশে সভা ও রথযাত্রার সূচনা হচ্ছে ।"
যদিও তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, "ওইদিন এসএসসি পরীক্ষা রয়েছে । মাঠের দু'পাশে দু’টি স্কুল রয়েছে । সভা হলে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে । সেই কারণেই হয়তো প্রশাসন অনুমতি দেয়নি ।"
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিভাগের সংখ্যা 10 । তার মধ্যে ন’টি বিভাগেই পরিবর্তন যাত্রা হবে । একমাত্র কলকাতা মহানগর বিভাগে 'পরিবর্তন যাত্রা'-র কর্মসূচি হবে না । কারণ গোটা কর্মসূচির পরিসমাপ্তি পর্ব হিসেবে ব্রিগেড সমাবেশের আয়োজনের দায়িত্ব থাকছে কলকাতা মহানগর বিভাগের উপর । বিজেপি সূত্রে জানা গিয়েছে, 1 মার্চ 'পরিবর্তন যাত্রা'-র উদ্বোধন হবে রাজ্যের পাঁচটি জায়গা থেকে । সেগুলি হল কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি, গড়বেতা এবং রায়দিঘি । 2 মার্চ উদ্বোধন হবে আরও চারটি জায়গা থেকে । সেগুলি হল ইসলামপুর, হাঁসন, সন্দেশখালি এবং আমতা ।

