দিল্লি বিস্ফোরণ কাণ্ড, উত্তর দিনাজপুরের চিকিৎসককে গ্রেফতার করল এনআইএ
দিল্লির বিস্ফোরণের ঘটনায় এবার গ্রেফতার বাংলার চিকিৎসক ৷ জন্মসূত্রে উত্তর দিনাজপুরের বাসিন্দা হলেও পরিবারে সঙ্গে লুধিয়ানায় থাকত ওই ব্যক্তি ৷

Published : November 15, 2025 at 11:52 AM IST
রায়গঞ্জ, 15 নভেম্বর: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে এক চিকিৎসককে গ্রেফতার করল এনআইএ ৷ স্থানীয় ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে শুক্রবার জানিসার আলম এলিয়াস জিগার নামে ওই চিকিৎসককে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জন্মসূ্ত্রে এখানকার বাসিন্দা হলেও বহুদিন আগে পঞ্জাবের লুধিয়ানায় চলে গিয়েছে পরিবার ৷ এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এনআইএ-র হাতে গ্রেফতার হয় এই চিকিৎসক ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে পরিবার কর্তা তৌহিদ আলম বাকিদের নিয়ে লুধিয়ানায় চলে যান। সেখানে এক কোয়াক ডাক্তারের সঙ্গে তিনি কাজ করতেন। পরে ছেলে জানিসার আলমকে ডাক্তারি পড়ান। জানিসার 2024 সালে হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করে। গত রবিবার সে চণ্ডীগড় গিয়েছিল একটি পরীক্ষা দিতে। তারপর চলতি মাসের 12 তারিখ মানে বুধবার গ্রামের বাড়িতে আসে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এর দু'দিন পর তাকে গ্রেফতার করা হয় ৷
পরিবারের দাবি, জানিসার ভালো ছেলে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তাকে গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷ জেলা পুলিশ সূত্রে খবর, এনআইএ-র একটি দল ডালখোলা থানার সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে জিগারকে গ্রেফতার করে ৷ তবে ঠিক কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য পুলিশকে দেয়নি এনআইএ ৷
কাকা আবুল কাসিম বলেন, "জিগারের জন্ম এখানে হলেও ছোট থেকে বাবা-মা, বোনকে নিয়ে লুধিয়ানাতে থাকত। জিগার 2024 সালে এমবিবিএস পাশ করে ৷ ওখানে সে নিজের চেম্বার খুলেছে। গত রবিবার জিগারের একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা দিয়ে গত বুধবার মা ও বোনকে নিয়ে এখানে আসে। তখনই তাকে গ্রেফতার করা হয় ৷"
জানা গিয়েছে, শুক্রবার গ্রেফতার হওয়ার পর জিগার প্রথমে তার মা-কে ফোন করে বিষয়টি জানায় ৷ জিগারের সঙ্গে থাকা বাইকটি ডালখোলা থানায় রেখে তাকে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে আবার জিগার ফোন করে জানায়, তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, গত সোমবার দিল্লির লালকেল্লার সামনে একটি বিস্ফোরণের ঘটনায় 12 জনের মৃত্যু হয় ৷ ঘটনার তদন্তভার গিয়েছে এনআইএ-র উপর ৷ তদন্ত শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এনআইএ ৷ এবার বাংলা থেকেও গ্রেফতার হল এক চিকিৎসক ৷
- দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

