ETV Bharat / state

জরুরি মেরামতির জন্য প্রতিদিন পাঁচ ঘণ্টা 'বন্ধ' 10 নম্বর জাতীয় সড়ক

10 নম্বর জাতীয় সড়ক পাহাড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী একটি রাস্তা ৷ কিন্তু সাম্প্রতিক ধস ও রাস্তার বেহাল দশার কারণে রাস্তার একটি অংশে মেরামতি হবে ৷

NH 10 to remain shut
10 নম্বর জাতীয় সড়ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 8, 2026 at 1:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কালিম্পং, 8 জুলাই: পাহাড়ের লাইফলাইন হিসেবে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইলে জরুরি সংস্কার ও নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত কাজ হবে ৷ আর তার জন্য 11 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত প্রতিদিন পাঁচ ঘণ্টা করে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএইচআইডিসিএল এবং হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেটর-এর পক্ষ থেকে একটি সরকারি নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে ৷ সিকিম ও কালিম্পং পাহাড়ের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মাইল রাস্তার বারদাং এলাকায় (এটিটিসি কলেজের কাছে, 60.180 কিলোমিটার অংশ) অতিসম্প্রতি ধস নামে ৷ রাস্তার বেহাল দশার কারণে চালক এবং যাত্রীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে ৷ সেই কারণেই এই জরুরি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী 11 জুলাই (শনিবার), 12 জুলাই (রবিবার) এবং 13 জুলাই (সোমবার) প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এই নির্দিষ্ট অংশে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকবে ৷ এই সময়ের মধ্যে কাজ চলার কারণে রাস্তায় তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা থাকায় কোনও গাড়িকেই যেতে দেওয়া হবে না ৷ সাময়িক বন্ধের জেরে যাতে পর্যটক এবং নিত্যযাত্রীরা চরম সমস্যায় না-পড়েন, তার জন্য প্রশাসনের তরফে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ৷

নির্দেশিকা অনুযায়ী, বন্ধের দিনগুলিতে সমস্ত ধরনের বড় এবং ছোট যানবাহন রংপো, রোরোথাং, পাকইয়ং এবং রানিপুল হয়ে এনএইচ-717এ (NH-717A) করিডোর দিয়ে যাতায়াত করতে পারবে ৷ এই রুটটি সব ধরনের গাড়ির জন্যই উন্মুক্ত রাখা হবে ৷ এ ছাড়া, সিংতাম এবং রংপোর মধ্যে যাতায়াতকারী হালকা ছোট গাড়ি বা লাইট মোটর ভেহিকেলস বিকল্প হিসেবে দুগা–পেন্দাম রোড ব্যবহার করতে পারবে ৷

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানান, 10 নম্বর জাতীয় সড়কের এই অংশটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ বর্ষার মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড়সড় বিপর্যয় এড়াতে এই জরুরি মেরামত কাজ করা অত্যন্ত প্রয়োজন ৷ তিনি আরও জানান, বিকল্প রুটগুলিতে যাতে অতিরিক্ত গাড়ির চাপের কারণে কোনও যানজট সৃষ্টি না-হয় এবং ট্রাফিক ব্যবস্থা মসৃণ থাকে, তার জন্য জেলা প্রশাসনের তরফে পুলিশ ও ট্রাফিক কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ জেলাশাসক সমস্ত পর্যটক, চালক এবং সাধারণ মানুষকে এই সময়সীমা মাথায় রেখে আগে থেকেই নিজেদের ভ্রমণের পরিকল্পনা করার এবং রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ৷