রাস্তা নিয়ে বচসা, মহিলাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর প্রতিবেশীর !
ঘটনায় দুই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ মহিলাকে মারধর নিয়ে সরব হয়েছে বিজেপি ৷

Published : December 31, 2025 at 5:54 PM IST
বাসন্তী, 31 ডিসেম্বর: যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বচসা । আর তার জেরে বাঁশ ও লাঠি দিয়ে একপক্ষ অপরপক্ষকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে উত্তর ভাঙনখালি গ্রামে ।
ঘটনায় জখম হয়েছেন নাসিমা লস্কর নামে এক মহিলা । আক্রান্ত ওই মহিলা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন । পরে পালটা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরাও ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, "ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পক্ষ থেকেই অভিযোগ জানানো হয়েছে বাসন্তী থানাতে । সম্পূর্ণ বিষয়ে আমরা খতিয়ে দেখছি । আমাদের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ভাঙনখালি এলাকার একটি ফিসারীর রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন । সেই রাস্তা নিয়ে বচসা শুরু হয় নাসিমা লস্কর ও তাঁর প্রতিবেশীদের মধ্যে । অভিযোগ, বচসার সময় আচমকা জনাকয়েক প্রতিবেশী যুবক নাসিমার উপর আক্রমণ করেন । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনাস্থল থেকে কোনও প্রকারে পালিয়ে প্রাণে বাঁচেন আক্রান্ত ওই মহিলা ।
ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি ৷ মহিলাকে মারধরের ভিডিয়ো-সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন বুধবার ৷ তিনি সেখানে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কোনও নারীই নিরাপদ নয়!!! দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকের উত্তর ভাঙনখালি গ্রামের ভয়ঙ্কর দৃশ্য সামনে এসেছে । অভিযোগকারীর বয়ান অনুযায়ী, জলিল লস্কর, মুন্না লস্কর, আরিফ লস্কর এবং অন্যরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে । ভিডিয়ো থেকেই সেটা বোঝা যাচ্ছে ।"
তিনি আরও লেখেন, "বিবাদ যাই হোক না কেন, এটা আশ্চর্যজনক যে এই ধরনের লোকেরা কীভাবে আইনের ভয় পায় না এবং দিনের আলোতে বাঁশ ও লাঠি দিয়ে মহিলাদের পেটাচ্ছে ৷ যেন তারা জানে যে এমন জঘন্য কাজ করে পার পেয়ে যাবে বা আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের ছেড়ে দেবে ৷ কারণ, তারা শাসকদল ঘনিষ্ঠ ! পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তার স্বার্থে এই নারীবিরোধী রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে ।"
বিজেপি নেতা অর্পণ দাস বলেন, "ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ ৷ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় । এখানে মহিলারা নিরাপত্তাহীনতার ভুগছে ৷ এমন ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে ৷ তাহলে কি পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে ? মুখ্যমন্ত্রী বাংলার গর্ব না লজ্জা !"
বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, "খুবই নিন্দনীয় ঘটনা । এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি । আমাদের পুলিশ প্রশাসনের ওপর ভরসা রয়েছে । তারা যথাযথ ব্যবস্থা নেবে ৷"

