ETV Bharat / state

'ভাই' মোদি, 'দিদি' মমতা; বাংলার ভোটার তালিকায় বিচিত্র মিল

এসআইআর শুরুর পরেই বাংলার ভোটার তালিকায় খোঁজ মিলল নরেন্দ্র মোদির ৷ তাঁর দিদির নাম মমতা ৷ শোরগোল বীরভূমে ৷

West Bengal SIR
দুবরাজপুরের ভোটার তালিকায় নাম নিয়ে শোরগোল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 29, 2025 at 5:01 PM IST

|

Updated : October 29, 2025 at 5:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুবরাজপুর, 29 অক্টোবর: রাজ্যের ভোটার তালিকায় নরেন্দ্র মোদি ! শুধু তাই নয়, তাঁর দিদির নাম আবার মমতা ৷ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ 12টি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এই প্রক্রিয়ায় বাংলার ভোটার তালিকায় সন্ধান মিলেছে নরেন্দ্র মোদির, যাঁর দিদি মমতা ৷ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷

হ্যাঁ এমনটাই পাওয়া গিয়েছে, বীরভূমের দুবরাজপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় ৷ তবে এই নরেন্দ্র মোদি 'দামোদরদাস' নন 'কুমার' ৷ বয়স 50 ৷ তিনি মুদিখানার দোকান চালান ৷ দিদির নাম মমতা আগরওয়াল ৷

Narendra Modi in Dubrajpur Voter List
দুবরাজপুরের ভোটার তালিকায় নরেন্দ্র মোদি (ইটিভা ভারত)

আদতে রাজস্থানের বাসিন্দা হলেও তাঁর পূর্বপুরুষেরা অনেক আগে বীরভূমে চলে আসেন ৷ বর্তমানে এখানেই পাকাপাকি বসবাস ৷ ভোট দেন এখানেই ৷ ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়ার মাঝে স্বয়ং প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল হওয়ায় খবরের শিরোনামে উঠে এসেছেন দুবরাজপুরের নরেন্দ্র মোদি ৷ তাঁর জেঠু এই নাম রেখেছিলেন ৷ তাঁর ডাক নাম অবশ্য 'মুন্না' ৷ এই নামেই তাঁকে স্থানীয়রা চেনেন ৷ কোনও সরকারি কাজ বা চিকিৎসা করাতে গেলে তো 'ভালো নামটাই' বলতে হয় ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷ প্রকাশ্যে এসেছে তাঁর আসল 'নরেন্দ্র মোদি' নাম ৷

শুধু প্রধানমন্ত্রীর নামে নাম হওয়াতেই ক্ষান্ত নেই ৷ তাঁর দিদির নাম 'মমতা' ৷ অতএব, ভাইয়ের নাম প্রধানমন্ত্রীর নামে আর দিদির নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে ৷ নরেন্দ্র মোদির দিদি মমতা আগরওয়াল মোদি ৷ আরও মজার বিষয়, দিদির সঙ্গে মোদির সম্পর্কটা অনেকটাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মতো, হেসে বললেন দুবরাজপুরের মোদি ৷

Narendra Modi in West Bengal Voter List
দুবরাজপুরের ভোটার তালিকায় নরেন্দ্র মোদির নাম নিয়ে শোরগোল (ইটিভি ভারত)

দুবরাজপুরের বাসিন্দা নরেন্দ্র মোদি বলেন, "আমি যখন ভোট দিতে যাই, তখন অনেকে অবাক হন ৷ তাছাড়া, সরকারি কাজে গেলে বলে 'বাবা, প্রধানমন্ত্রী তো' ! আর কাকতালীয়ভাবে আমার দিদির নাম মমতা ৷ আমাদের মধ্যে ঝগড়া হয়, আবার মিলও অনেক ৷ এই কয়েকদিন ধরে আমার নামটা নিয়ে সবাই চর্চা শুরু করে দিয়েছে । আমিও মজা পাচ্ছি ।"

দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "আমি এতকাল জানতামই না আমার বিধানসভায় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও কোনও ভোটার আছেন ৷ শুনে ভালো লাগল ৷ আমিও খুব মজা পেয়েছি ৷ শুনেছি তিনি খুব ভালো মানুষ, সহজ সরল ৷"

বিহারের পর দ্বিতীয় দফার এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ-সহ 12টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ ৷ এই প্রক্রিয়া আরম্ভ হওয়ার আগে থেকে বঙ্গ রাজনীতি সরগরম ছিল, এখনও রয়েছে ৷ এই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 'নরেন্দ্র মোদি' ও দিদি 'মমতা'র নামে ভোটার কার্ড নিয়ে কিছুটা হলেও ফুরফুরে হাওয়া বইল ৷

Last Updated : October 29, 2025 at 5:10 PM IST