বিধানসভা নির্বাচনের আগেই ফের রাজ্য পুলিশে রদবদল
রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে চারজন গুরুত্বপূর্ণ আইপিএস আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে ।

Published : February 19, 2026 at 7:50 PM IST
কলকাতা, 19 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে । আর কয়েকদিনের মধ্যেই হয়তো জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে এবং রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হয়ে যাবে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছে । আর ঠিক এই আবহেই, ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে রাজ্য পুলিশ প্রশাসনে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন ।
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে চারজন গুরুত্বপূর্ণ আইপিএস (IPS) আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে । সরকারি ওই নির্দেশিকায় এই বদলিকে 'জনস্বার্থে' বলে উল্লেখ করা হলেও, ভোটের ঠিক মুখে এই রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল ।

স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর পুলিশ জেলার পুলিশ সুপার পদে এই রদবদল ঘটানো হয়েছে । নির্দেশিকা অনুযায়ী, আলিপুরদুয়ারের বর্তমান পুলিশ সুপার খাণ্ডবাহালে উমেশ গণপতকে বদলি করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের এসএস, আইবি (SS, IB, North Bengal) পদে । অন্যদিকে, রাজ্য পুলিশের এসএস, আইবি পদে থাকা আরিশ বিলালকে বসিরহাট পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।
রদবদলের তালিকায় নাম রয়েছে বসিরহাটের বর্তমান পুলিশ সুপারেরও । বসিরহাট পুলিশ জেলার এসপি ড. হোসেন মেহেদী রহমানকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় । তিনি এবার থেকে জঙ্গিপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলাবেন । পাশাপাশি, জঙ্গিপুরের বর্তমান পুলিশ সুপার সাউ কুমার অমিতকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে । নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত এই আধিকারিকরা তাঁদের নতুন পদে অবিলম্বে দায়িত্বভার গ্রহণ করবেন ।
ওয়াকিবহাল মহলের মতে, যে কোনও বড় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সবসময় নিজেদের মতো করে ঘুঁটি সাজায় । এবারের রদবদলে যে জায়গাগুলিকে বেছে নেওয়া হয়েছে - বসিরহাট, জঙ্গিপুর এবং আলিপুরদুয়ার - তার প্রতিটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল । বসিরহাট পুলিশ জেলার ভৌগোলিক অবস্থান এবং সাম্প্রতিক অতীত সবসময়ই সংবাদ শিরোনামে থেকেছে । অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের জঙ্গিপুরও আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক ও বিরোধী উভয় শিবিরের কাছেই অত্যন্ত নির্ণায়ক কেন্দ্র হতে চলেছে ।
নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশন একবার ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলে পুলিশ ও সাধারণ প্রশাসনের রাশ সরাসরি কমিশনের হাতে চলে যায় । তখন রাজ্য সরকারের পক্ষে চাইলেও কোনও প্রশাসনিক বা পুলিশ আধিকারিককে বদলি করা সম্ভব হয় না । তাই আদর্শ আচরণবিধি চালু হওয়ার ঠিক আগের এই স্বল্প সময়েই রাজ্য সরকার নিজেদের মতো করে প্রশাসনিক বিন্যাস চূড়ান্ত করে রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । ভোটের ঠিক আগের এই শেষ মুহূর্তের বদলি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় এবং আসন্ন নির্বাচনী আবহে কতটা সুচারুভাবে কাজ করে, এখন সেটাই দেখার ।

