ETV Bharat / state

রাজ্য সরকারি আধিকারিকদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি, পদোন্নতি-জট কাটাতে বিজ্ঞপ্তি নবান্নর

পদোন্নতির জট কাটাতে এবং প্রশাসনিক স্তরে কাজের ভারসাম্য আনতে রাজ্য সরকারি আধিকারিকদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷

Nabanna
রাজ্য সরকারি আধিকারিকদের পদোন্নতি-জট কাটাতে বিজ্ঞপ্তি নবান্নর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 19, 2026 at 10:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 ফেব্রুয়ারি: দীর্ঘদিনের পদোন্নতির জট কাটাতে এবং প্রশাসনিক স্তরে কাজের ভারসাম্য আনতে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। গত মঙ্গলবার (17 ফেব্রুয়ারি) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 9টি 'স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে' (State Constituted Services) বিভিন্ন পে-লেভেলে অতিরিক্ত 20 শতাংশ পদ সৃষ্টির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ বৃহস্পতিবার অর্থ দফতর পর পর বিজ্ঞপ্তি জারি করে তা কার্যকর করল।

​নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের 46টি দফতরের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। মূলত প্রশাসনের উচ্চস্তরে যাতে অভিজ্ঞ অফিসারদের দ্রুত নিয়োগ করা যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই আধিকারিক মহলে অভিযোগ ছিল যে, তাঁদের পদোন্নতিতে অযথা দেরি হচ্ছে এবং বিভিন্ন পরিষেবার মধ্যে ব্যাপক অসাম্য রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে একই ধরনের প্রশাসনিক দায়িত্বে থাকা বিভিন্ন পরিষেবার মধ্যে একটি সুষ্ঠু ভারসাম্য তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Bengal Government Notification
অতিরিক্ত পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার অর্থ দফতরের অডিট শাখার জারি করা মেমোরেন্ডাম অনুযায়ী, রোপা 2019-এর পে-লেভেল 21-এ 20 শতাংশ অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের অধীনে কমার্শিয়াল ট্যাক্সে সবচেয়ে বেশি 86টি, এক্সাইজ ডিরেক্টরেটে 24টি, স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশনে 11টি এবং এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সে 6টি পদ বাড়ছে। এছাড়াও, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে 50টি, সমবায় ও শ্রম সার্ভিসে 16টি করে, খাদ্য ও সরবরাহ সার্ভিসে 14টি, লিগ্যাল সার্ভিসে 13টি এবং এমপ্লয়মেন্ট সার্ভিসে 11টি অতিরিক্ত পদ সৃষ্টি হয়েছে।

উচ্চতর পে-লেভেল 24-এর ক্ষেত্রেও একইভাবে 20 শতাংশ পদ বাড়ানো হয়েছে। এখানে রেভিনিউ সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস-সহ অন্যান্য সার্ভিসে আনুপাতিক হারে পদ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ সার্ভিসে পে-লেভেল 19-এ 30 শতাংশ (7টি) অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সেক্রেটারিয়েট সার্ভিসে পে-লেভেল 21-এ যুগ্ম সচিবের 6টি অতিরিক্ত পদ তৈরি করা হল।

Bengal Government Notification
পদোন্নতি-জট কাটাতে বিজ্ঞপ্তি নবান্নর (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু এই নির্দিষ্ট 9টি পরিষেবা নয়, অন্যান্য স্টেট কনস্টিটিউটেড সার্ভিসগুলিতেও একইভাবে অতিরিক্ত পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিসভা নীতিগত (in principle) অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার জারি করা অপর একটি নির্দেশিকায় (মেমোরেন্ডাম 663) স্পষ্ট করে বলা হয়েছে যে, রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতরের অধীনস্থ সার্ভিসগুলিকেও পর্যায়ক্রমে এই সুবিধা দেওয়া হবে।

তবে সমস্ত নির্দেশিকাতেই একটি বিষয় স্পষ্ট করা হয়েছে যে, অতিরিক্ত পদ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট ক্যাডারের সামগ্রিক সংখ্যা (overall cadre strength) আগের মতোই অপরিবর্তিত থাকবে। ক্যাডার কন্ট্রোলিং অথরিটি তাদের শিডিউল অনুযায়ী প্রয়োজনীয় রদবদল করবে এবং আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ প্রশাসনিক মহলকে চাঙ্গা করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

  1. বিধানসভা নির্বাচনের আগেই ফের রাজ্য পুলিশে রদবদল
  2. 5 বছর কাজের অভিজ্ঞতাতেই মহকুমা শাসক হবেন ডব্লিউবিসিএসরা, বিজ্ঞপ্তি নবান্নর