বিভিন্ন আদালতে বোমাতঙ্কে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, অভয় দিলেন মুখ্যসচিব
মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, আদালতে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের । আতঙ্কের কোনও কারণ নেই।

Published : February 24, 2026 at 5:24 PM IST
কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের মোট সাতটি আদালতে ই-মেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র আতঙ্ক ছড়াল । ঘটনার জেরে তড়িঘড়ি নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকে রাজ্য প্রশাসন । সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, আদালতে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের । আতঙ্কের কোনও কারণ নেই। এদিন সাধারণ মানুষকে গুজবে কান না-দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব । একইসঙ্গে, এই হুমকি ই-মেলের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম শাখা ।
মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ আসানসোলের জেলা জজ দেবপ্রসাদ নাথের কাছে একটি ই-মেল আসে । ওই ই-মেলে দাবি করা হয়, দুপুর একটার মধ্যে আদালত চত্বরে এবং বিচারকের চেম্বারে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হবে । বাংলা ভাষায় লেখা ওই ই-মেলে বেশ কিছু আপত্তিজনক এবং গুরুতর দাবিও করা হয়েছিল । জানা যায়, শুধু আসানসোল নয়, কলকাতা হাইকোর্ট, আলিপুর, দুর্গাপুর, বহরমপুর, সিউড়ি, চুঁচুড়া এবং রামপুরহাট আদালতেও প্রায় একই বয়ানের হুমকি ই-মেল পাঠানো হয়েছে । মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরগুলিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । নিরাপত্তার স্বার্থে দ্রুত সমস্ত বিচারবিভাগীয় কাজ স্থগিত করে দেওয়া হয় ।
হুমকি মেইল পাওয়ার পরই প্রতিটি আদালত চত্বর দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয় । আসানসোলের ক্ষেত্রে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি এবং বিশাল পুলিশ বাহিনী । গোটা আদালত চত্বর ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় । এরপর বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড এনে শুরু হয় চিরুনি তল্লাশি । বিচারকের চেম্বার থেকে শুরু করে এজলাস এবং সংলগ্ন এলাকাগুলিতে তন্নতন্ন করে খোঁজ চালান নিরাপত্তারক্ষীরা । যদিও দীর্ঘ তল্লাশির পরও কোনও আদালত চত্বর থেকেই সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি । পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন বোমা মারার হুমকিতে স্বভাবতই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন । পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবারই রাজ্য সচিবালয় নবান্নে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আসানসোল এবং দুর্গাপুর-সহ রাজ্যের বেশ কয়েকটি আদালতে বোমা রাখা আছে বলে গুজব ছড়িয়েছে । রাজ্য সরকার এই বিষয়টিতে কড়া নজর রাখছে এবং ই-মেল প্রেরকের খোঁজ চালানো হচ্ছে ।" তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এই ধরনের ভিত্তিহীন গুজবে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।
নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার । পুলিশের ডিজি জানিয়েছেন, যে কোনও ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে । অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার সাধারণ নাগরিকদের অভয় দিয়ে বলেন, "আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি । প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই মেইলগুলি সম্পূর্ণ ভুয়ো বা ফেক । প্রতিটি জায়গায় পাঠানো মেইলের ধরন বা প্যাটার্ন একইরকম ।" তিনি আরও জানান, জেলা জজরা স্বাভাবিক কাজ চালিয়ে যাবেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকার নেবে । প্রশাসন সেই বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ।
যেহেতু সবকটি হুমকি ই-মেলের বয়ান প্রায় একইরকম, তাই প্রাথমিক অনুমান এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্যই করা হয়েছে । বর্তমানে সাইবার ক্রাইমের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এই ঘটনাটিকেও সেই দৃষ্টিকোণ থেকেই বিচার করছেন তদন্তকারীরা । কোন আইপি অ্যাড্রেস থেকে এই মেইলগুলি পাঠানো হয়েছিল এবং এর প্রযুক্তিগত উৎস কী, তা জানতে সাইবার সেলের আধিকারিকরা পুরোদমে কাজ শুরু করেছেন । আপাতত প্রতিটি আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে ।

