মমতার ভাইঝির রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ ! নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে
অভিযোগ ছিল, বেআইনিভাবে তিনি চাকরি পেয়েছিলেন । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত চাকরি বাতিলের তালিকায় তাঁর নামও ছিল বলে জানা গিয়েছে ।

Published : September 1, 2026 at 2:31 PM IST
রামপুরহাট, 1 সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু ! বীরভূমের রামপুরহাটে মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায় নিজের গলায় ফাঁস দিয়ে চরম পদক্ষেপ করেছেন বলে মনে করছে পুলিশ ৷
মঙ্গলবার সকালে রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন । খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে নিজেই নিজেকে শেষ করার বিষয়টি সামনে আসছে ৷ তবে ঠিক কী কারণে বৃষ্টি চরম সিদ্ধান্ত নিতে পারেন, তা এখনও স্পষ্ট নয় । বৃষ্টি মুখোপাধ্যায়ের বাবা নীহার মুখোপাধ্যায় বলেন, "মেয়ে প্রায় পাঁচ-ছয় বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল । আমরা নিয়মিত ডাক্তার দেখাতাম । আজ কিছুই জানি না কী ভাবে এসব হল । আমরা তখন বাড়ির নীচের তলায় ছিলাম ।" ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।
উল্লেখ্য, বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল । অভিযোগ ছিল, বেআইনিভাবে বা অনিয়মের মাধ্যমে তিনি চাকরি পেয়েছিলেন । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত চাকরি বাতিলের তালিকায় তাঁর নামও ছিল বলে জানা গিয়েছে । তালিকায় 608 নম্বরে নাম ছিল বৃষ্টি মুখোপাধ্যায়ের । যদিও চাকরিতে যোগদানের কিছুদিন পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস ধরে বৃষ্টির স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল । তাঁর বিয়ে হয়েছিল রামপুরহাট থানার অন্তর্গত আয়াশ গ্রামে । তাঁর 12 বছরের একটি সন্তানও আছে বলে জানা গিয়েছে । এই পারিবারিক পরিস্থিতির সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।
রামপুরহাট 1 নম্বর ব্লকের চাকাইপুর গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি । তার খুব কাছেই কুসুম্বা গ্রামে তাঁর মামার বাড়ি । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে নীহার মুখোপাধ্যায়ের পরিবার বসবাস করেন । কুসুম্বা গ্রামের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শৈশবের নানা স্মৃতিও জড়িয়ে রয়েছে । বৃষ্টির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলবে বলে পুলিশ জানিয়েছে ।
আত্মহত্যা কোনও সমাধান নয়
যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

