ETV Bharat / state

কোন পথে ‘অক্সফোর্ড স্ট্রিট’, বইপাড়ার বর্ণপরিচয়ের ভবিষ্যত কী, বৈঠকে পুরমন্ত্রী

মঙ্গলবার রাজ্য়ের পুর ও নগরোন্নয়নমন্ত্রী কেএমডিএ-র দফতরে কর্পোরেশনের আধিকারিক ও বই বিক্রেতাদের নিয়ে আলোচনা করেন৷

COLLEGE STREET BOOK MARKET
কেএমডিএ অফিসে কলেজ স্ট্রিটের বইপাড়া নিয়ে বৈঠকে মন্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 7, 2026 at 10:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুলাই: যেমন কথা, তেমন কাজ। অক্সফোর্ড স্ট্রিটের ঘোষণার কিছুদিন পরেই রূপরেখা ঠিক করতে প্রাথমিক বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ৷ আলোচনা হয়েছে বর্ণপরিচয় মার্কেট নিয়েও ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের বুক-মল নতুন মোড়কে বাস্তবায়ন করবে বর্তমান সরকার ৷ তারই প্রাথমিক পর্যায় আলোচনা সারলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ৷ কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির দফতরে কলকাতা কর্পোরেশনের আধিকারিক ও বই বিক্রেতাদের নিয়ে আলোচনা করেন তিনি ৷

কেএমডিএ সূত্রে খবর, এদিন আলোচনা করা হয় বর্ণপরিচয় মার্কেট নিয়ে ৷ এই মার্কেট নিয়ে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী পুরোটাই করা হবে ৷ তবে সবটাই হবে আরও আধুনিক মোড়কে ৷ 2028 সালের মার্চ মাসের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়িত হবে ৷

College Street Book Market
কলেজ স্ট্রিটের বইপাড়া (নিজস্ব ছবি)

কেএমডিএ সূত্রে আরও জানা গিয়েছে, কলেজ স্ট্রিটকে ঐতিহ্যবাহী আলোর মোড়ক দেওয়া হবে ৷ ঢালাই লোহার রেলিং থেকে গ্রানাইট পিভার ব্লক হবে ৷ বর্ণপরিচয় নিয়ে যে পরিকল্পনা ছিল, সেই মতো সমস্ত বইয়ের দোকানদারদের এক ছাদের তলায় আনা হবে ৷ নীচে আধুনিক পার্কিং। উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা হবে ৷ গুদামের ব্যবস্থা হবে ৷ ক্যাফেটেরিয়া, বই প্রকাশের প্রেক্ষাগৃহ, ফুড কোর্ট সব পরিকল্পনাই বাস্তবায়িত হবে ৷ থাকবে মনোরম পরিবেশে বই পড়ার জায়গাও ৷

College Street Book Market
কলেজ স্ট্রিটের বইপাড়া (নিজস্ব ছবি)

সম্প্রতি এই বিষয়গুলি সরেজমিনে দেখার জন্য একটি প্রতিনিধিদল তৈরি করা হয়েছে৷ ওই প্রতিনিধি দলে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা, কেএমডিএ, বই বিক্রেতাদের সংগঠন, কলকাতা পুলিশের কর্তারা সকলেই রয়েছেন ৷ খতিয়ে দেখা হবে ন’তলা এই ভবন এখন ঠিক কী অবস্থায় রয়েছে ? সেসব দেখে এক একটা অংশ ধরে কাজ শুরু হবে ৷ পাশাপশি সেই অংশে কাজ শেষ হলে কলেজ স্ট্রিটের বিভিন্ন রাস্তার ধার থেকে বই বিক্রেতাদের সেখানে পুনর্বাসন দেওয়া হবে ৷

জানা গিয়েছে, নিকাশি, আলো, পানীয় জল সবটা প্রাধান্য দিয়ে দেখা হবে ৷ এই কাজ করতে কলেজ স্ট্রিট এলাকার বিভিন্ন রাস্তায় সমীক্ষা চলবে ৷ সবটাই প্রতিনিধি দলের পরিদর্শনের পর ধাপে ধাপে ঠিক হবে পদক্ষেপ ৷ নতুন মোড়কে শহর পাবে বইপাড়াকে ৷ বুদ্ধদেব ভট্টাচার্যর স্বপ্নের বুক-মলও বাস্তবায়িত হবে।

KMDA
কেএমডিএ ভবন (নিজস্ব ছবি)

এই বিষয়ে এক আধিকারিক বলেন, ‘‘আজ বৈঠক হয়েছে। কীভাবে এই পরিকল্পনা রূপায়ণে এগোনো যায় সেই নিয়েই। পরিদর্শনের দিন ঠিক করে সেটা হলে আবার আলোচনার মধ্য দিয়ে ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। মন্ত্রী আশ্বাস দিয়েছেন ফলে আর্থিক সমস্যা হবে না।’’

আরও পড়ুন -

  1. ভিনটেজ আলো, যানবাহনহীন রাস্তা ! বইপাড়া সেজে উঠবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে
  2. কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ হবে ! কী বলছেন বইপাড়ার ব্যবসায়ীরা