অন্নপূর্ণা যোজনার টাকা চেয়ে ভূরি ভূরি ফোন, 'মুখোমুখি' অগ্নিমিত্রা ! সোশালেও একই দাবি
পুর ও নগরোন্নয়ন দফতরের গ্রিভান্স সেলের নম্বর দিয়ে নিজের সমাজ মাধ্যমে লাইভ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।

Published : July 7, 2026 at 8:03 PM IST
কলকাতা, 7 জুলাই: 'টক টু মেয়র'-এর আদলে আজ থেকে শুরু হল নাগরিকদের সুবিধা-অসুবিধার কথা শোনার কর্মসূচি 'মুখোমুখি'। সরাসরি রাজ্যের পুরনিগম বা পুরসভা এলাকার যে কোনও সমস্যা ফোন করে জানাতে পারবেন নাগরিকরা । আর সেই ফোনে যাবতীয় অসুবিধের কথা শুনবেন স্বয়ং মন্ত্রী অগ্নিমিত্রা পাল । আজ ছিল সেই অনুষ্ঠানের প্রথম দিন । তবে যান্ত্রিক সমস্যার কারণে দীর্ঘ সময় থমকে যায় এই কর্মসূচি । পরে পুর ও নগরোন্নয়ন দফতরের গ্রিভান্স সেলের নম্বর দিয়ে নিজের সমাজ মাধ্যমে লাইভ করেন মন্ত্রী ।
মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিনে প্রচুর সংখ্যক ফোন এসেছে ৷ তবে তার মধ্যে অধিকাংশই ছিল গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে । পাশাপাশি শহুরে এলাকার যে কয়েকটি ফোন এসেছে, তার মধ্যে সিংহভাগই ছিল অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার অভিযোগ সংক্রান্ত । সেগুলি শুনে অগ্নিমিত্রা অভিযোগকারীদের বলেন, সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে অভিযোগ জানাতে ।
এদিন নির্দিষ্ট করে জানানো হয়েছিল যে, শুধু কলকাতা পুরনিগম এলাকার নাগরিকদের সুবিধা-অসুবিধার কথা শোনা হবে । তবে কর্মসূচির সূচনার দিনে কলকাতার নাগরিক বলতে হাতে গোনা দু-একজনের ফোন এসেছে । একটি ফোন এসেছিল 108 নম্বর ওয়ার্ডের খোলা ভ্যাট নিয়ে সমস্যার কথা জানাতে । অপর ফোনটি আসে 70 নম্বর ওয়ার্ড থেকে । জনৈক অভিযোগকারী জানান, তাঁর ঠিকা জমি রয়েছে এবং তিনি ঠিকা টেনেন্ট । সেই জমির মিউটেশন সংক্রান্ত শুনানি হচ্ছে না বলে তিনি মিউটেশন করাতে পারছেন না । এই দুটি বিষয়ে মন্ত্রী জানান, সমস্যার সমাধান করবেন । তাঁর দফতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করা হবে । এদিন মন্ত্রী নিজের সমাজ মাধ্যম থেকে যে লাইভ করেছেন সেই পেজেও একাধিক কমেন্টে মূলত অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার অভিযোগই করেছেন মানুষজন ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অগ্নিমিত্রা জানিয়েছেন, "প্রচুর মানুষ ফোন করেছেন । ব্যাপক সাড়া মিলেছে । বিপুল সংখ্যায় ফোন এসেছে । তবে টেকনিক্যাল সমস্যার জন্য কিছুটা সময় এই অনুষ্ঠান থমকে যায় । এত ফোন আসবে আমরা আশা করিনি ৷ এদিন পুনরায় সেই অনুষ্ঠান চালু করা হয় পুর ও নগরোন্নয়ন দফতরের গ্রিভান্স সেলের নম্বর থেকে । 20-25 টি ফোন পেয়েছি । তার মধ্যে কলকাতা কর্পোরেশন এলাকার চার-পাঁচটি ফোন ছিল । হয়তো টেকনিক্যাল সমস্যার জন্য অনেকে আজ ফোন করে উঠতে পারলেন না । তবে অধিকাংশ ফোন অন্নপূর্ণা যোজনার টাকা চেয়ে এসেছে ৷" তাঁর দফতরের যে সমস্ত অভাব অভিযোগ আছে, সেগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন বলে জানান অগ্নিমিত্রা পাল ৷

