ETV Bharat / state

গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত মা-ছেলে

মাংস খাওয়া আর হল না যুবকের ৷ রান্না করতে গিয়েই আগুনে পুড়ে মৃত্যু হল তাঁর ৷ ছেলেকে বাঁচাতে গিয়ে দগ্ধ মা'ও ৷

burnt alive in fire
বাড়িতে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 6:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বংশীহারী, 1 মার্চ: বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ৷ আর তাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হল মা ও ছেলের । রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের আম্বোই এলাকায় ৷ নিহত মা-ছেলের নাম পুতুল মণ্ডল (55) ও বিপ্লব মণ্ডল (35) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপ্লব মণ্ডল পেশায় রংয়ের মিস্ত্রি ছিলেন । কাজের সূত্রে মাঝে মধ্যেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবেও যেতেন । পরিবারে বাবা-মা ছিলেন । বোনের বিয়ে আগেই হয়ে গিয়েছে । বিপ্লবের বাবা গুড় তৈরির কাজ করেন ।

গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত মা-ছেলে (ইটিভি ভারত)

রবিবার দুপুরে বিপ্লব মণ্ডল বাজার থেকে মাংস কিনে নিয়ে আসেন ৷ বাড়ির রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায় । সেই আগুন ধরে যায় বিপ্লবের শরীরেও । ছেলেকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হন মা পুতুল মণ্ডলও । ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।

burnt alive in fire
রবিবার দুপুরে ঘটনাটি ঘটে (নিজস্ব ছবি)

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাবমার্সাল পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । যদিও সিলিন্ডার বিস্ফোরণ হয়নি, তবে রান্নাঘর-সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায় । প্রাথমিকভাবে অনুমান, গ্যাস পাইপে লিকেজের কারণেই আগুন লাগতে পারে । খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করেছে ৷ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

burnt alive in fire
পুলিশ দেহগুলি উদ্ধার করেছে (নিজস্ব ছবি)

ঘটনার খবর পেয়ে সেখানে আসেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপার্সন সমীর সরকার । পুরসভার পক্ষ থেকে বিপ্লব মণ্ডলের বৃদ্ধ বাবা বীরেন মণ্ডলকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে । বীরেন মণ্ডল বলেন, "রান্না করবে বলেছিলে ছেলে ৷ সেজন্য এগিয়ে আসে । সেই সময় আমি বলি গ্যাস লিক করছে । কিন্তু ছেলে কথা না শোনায় সেখানে দেশলাই জ্বালিয়ে দেয় । দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় । আর মা এবং ছেলে পুড়ে যায় । যেখানে দুর্ঘটনা ঘটে সেই জায়গায় প্রতিদিন রান্না হত আমাদের । আজ এই ঘটনা ঘটল ৷"

burnt alive in fire
জীবন্ত দগ্ধ মা-ছেলে (নিজস্ব ছবি)

এলাকাবাসী মিঠুন মণ্ডলের কথায়, "ছেলে বিপ্লব মণ্ডল মাংস কিনে নিয়ে এসেছে রান্না করবে বলে । সেইমতো রান্নার ব্যবস্থা করে । গ্যাস লিকেজ হওয়ার জন্যই আগুন লেগে যায় । ঘরবাড়িতেও আগুন লেগে যায় । যার কারণে তারা ঘর থেকে বের হতে পারেনি ৷ ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যায় মা এবং ছেলে । গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে । আমরা চাই বিপ্লব মণ্ডলের বাবা যেহেতু বয়স্ক লোক সেই কারণে যদি সরকারি সাহায্য পায় তাহলে ভালো হয় ।"

burnt alive in fire
গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)

বংশীহারী থানার আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, "বুনিয়াদপুর পুরসভার আম্বোই এলাকায় গ্যাস লিক করে আগুন ধরে মারা গিয়েছে মা এবং ছেলে । ঘটনার খবর পেয়ে আমরা ছুটে যাই এলাকায় । মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাটে ।"