ETV Bharat / state

7 মাসের মেয়েকে খুনের পরও খুঁজে না-পাওয়ার ‘নাটক’ মায়ের! তদন্তে সামনে এল আসল সত্যি

পুলিশ কুকুর এনে দুপুর থেকে রাত পর্যন্ত তল্লাশি ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার অভিযুক্ত মহিলার ৷ পরে পুকুর থেকে দেহ উদ্ধার ৷

GIRL CHILD KILLED
প্রতীকী ছবি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 4:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আলিপুরদুয়ার, 8 নভেম্বর: সাতমাসের শিশু নিখোঁজ বাড়ি থেকে৷ ভর দুুপুরে মায়ের এমন দাবিতে হইচই পড়ে যায় বাড়িতে৷ সাতের শিশুকন্যা একা একা তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না৷ তাহলে কি চুরি করে নিয়ে গেল কেউ? আতঙ্কিত হয়ে পড়েন পরিজনরা৷ খবর যায় পুলিশে৷ ঘটনাস্থলে আসেন স্বয়ং এসডিপিও৷ তার পরও দুপুর থেকে রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান মেলে না ওই শিশুর৷

শেষ পর্যন্ত রাতে সামনে আসে আসল সত্যি৷ দীর্ঘক্ষণ পুলিশি প্রশ্নোত্তরে জেরবার হয়ে ভেঙে পড়েন ওই শিশুর মা৷ জানান, তিনিই শ্বাসরোধ করে খুন করেছেন তাঁর আত্মজাকে৷ তার পর ফেলে দিয়ে আসেন বাড়ির পিছনের পুকুরে৷ তার পর উদ্ধার হয় দেহ৷

7 মাসের মেয়েকে খুনের পরও খুঁজে না-পাওয়ার ‘নাটক’ মায়ের! তদন্তে সামনে এল আসল সত্যি (ইটিভি ভারত)

আলিপুরদুয়ার জংশন সংলগ্ন চেচাখাতা এলাকার এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে বাসিন্দাদের মধ্যে৷ প্রত্যেকেরই প্রশ্ন, একজন মা কেন এমন কাজ করলেন? যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, তার জীবন কেন এমন নির্মমভাবে শেষ করলেন? উত্তর এখনও মেলেনি৷ সেই উত্তর পেতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার দুপুরে সাত মাসের মেয়েকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে শ্বশুরকে খেতে দিতে আসেন মহিলা ৷ শ্বশুরকে খেতে দিয়ে ঘরে যান তিনি ৷ আর তারপরেই চিৎকার করে ওঠেন ৷ বউমা’র চিৎকার শুনে শ্বশুর খাবার ফেলে ঘরে যান ৷ তখন মহিলা জানান, মেয়েকে ঘরে খুঁজে পাচ্ছেন না ৷ মুহূর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়ে ৷

প্রতিবেশী ও পাড়ার লোকজন খোঁজাখুজি শুরু করেন সাত মাসের শিশুকন্যাকে ৷ খবর দেওয়া হয় মহিলার স্বামীকেও ৷ তিনিও বাড়িতে চলে আসেন ৷ খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানার পুলিশকে ৷ ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমপি ৷ তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করেন ৷ বাড়ির আশেপাশের রাস্তা, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা ৷ কিন্তু, কোথাও বাচ্চাটির হদিশ মেলে না ৷ এমনকি কোনও সন্দেহভাজন লোকজনকেও দেখা যায়নি ৷

Girl Child Killed
নিজের শিশুকন্যাকে খুনে অভিযুক্ত মহিলা ৷ (ইটিভি ভারত)

এরপরেই খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে ৷ পুলিশ কুকুর এনে তল্লাশি শুরু হয় ৷ তবে, পুলিশ কুকুর বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করতে থাকলে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ এরপর বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন তদন্তকারীরা ৷ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শিশুটির মা ভেঙে পড়েন ৷ তিনি স্বীকার করেন মেয়েকে তিনিই শ্বাসরোধ করে খুন করেছেন এবং দেহ বাড়ির পিছনে প্রতিবেশীর পুকুরে ফেলে দিয়েছেন ৷

রাতেই ডুবুরি নামিয়ে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ ৷ দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ তবে, কেন এই ঘটনা ঘটালেন মহিলা ? কেন নিজের সাতমাসের সন্তানকে খুন করলেন ? সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ পুলিশ রাতেই মহিলাকে গ্রেফতার করেছে ৷ এই নিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশের সুপার ওয়াই রঘুবংশী বলেন, "মহিলাকে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে ৷ কেন খুন করল আমরা জিজ্ঞাসাবাদ করছি ৷"

এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ শিশুকন্যাকে হত্যার অভিযোগে মহিলার চূড়ান্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা ৷ যে পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ির সদস্য শিখা পাল বলেন, "মাঝে-মাঝে টিভিতে খবরে দেখি ৷ কিন্তু, চোখের সামনে বাস্তবে এমন ঘটনা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে ৷ আমাদের বাড়ির পুকুরেই পাওয়া গিয়েছে ৷ আমার চাই দোষীর শাস্তি হোক ৷"