ETV Bharat / state

সাগর দত্তের মর্গে দেহ রাখতে 22 হাজার দাবি ! মদন মিত্রের হস্তক্ষেপে গ্রেফতার সরকারি কর্মী

বৃদ্ধের দেহ রাখতে বিশেষভাবে সক্ষম ছেলের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ৷ আইন আইনের মতো চলবে, মন্তব্য অধ্যক্ষ চিকিৎসক সুজয় মিস্ত্রির ৷

Hospitals Brokerage Syndicate
সাগর দত্ত হাসপাতালের মর্গে দেহ রাখতে 22 হাজার টাকা দাবি করার অভিযোগ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 10:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কামারহাটি, 7 জানুয়ারি: ফের সরকারি হাসপাতালে দালালচক্রের অভিযোগ ৷ এবার মর্গে মৃতদেহ রাখার জন্য নিহতের পরিবারের থেকে 22 হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরই স্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ শেষে বিধায়ক মদন মিত্রের হস্তক্ষেপে অভিযুক্ত সরকারি কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

গোটা ঘটনায় স্তম্ভিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রতিক্রিয়া, একজন মানুষ মারা গিয়েছেন ! নিয়ম মেনে তাঁর মৃতদেহ মর্গে রাখার কথা হাসপাতাল কর্মীর ৷ কিন্তু, তিনি তা না-করে কীভাবে মৃতের ছেলের কাছে টাকা চান, সেটাই আমার কাছে বোধগম্য হচ্ছে না ৷" ঘটনার পরে অভিযুক্ত আকাশ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ ৷

সাগর দত্তের মর্গে দেহ রাখতে 22 হাজার দাবি ! মদন মিত্রের হস্তক্ষেপে গ্রেফতার সরকারি কর্মী (ইটিভি ভারত)

উল্লেখ্য, বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 70-র অনির্বাণ রায়ের বাড়িতেই মৃত্যু হয় ৷ তাঁর বিশেষভাবে সক্ষম ছেলে অর্পণ রায় কী করবেন বুঝতে না-পেরে কামারহাটি থানায় খবর দেন সাহায্যের জন্য ৷ পুলিশ বাড়িতে গিয়ে দেহ দেখে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান ময়নাতদন্তের জন্য ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের মৃত্যুতে অস্বাভাবিকতা রয়েছে বলে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ তাই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে হাসপাতালে পৌঁছান বৃদ্ধের ছেলে অর্পণ রায় ৷ অভিযোগ, পুলিশের তরফে মর্গে দেহ রাখতে যে কাগজ দেওয়া হয়েছিল, তা ঠিক নেই বলে দেহ মর্গের বাইরে ফেলে রাখা হয় ৷ এরপর মর্গে কর্মরত স্থায়ী কর্মী আকাশ মল্লিক মৃতের ছেলের কাছে 22 হাজার টাকা চান দেহ ভিতরে ঢোকাতে ৷

তিনি অভিযোগ করেছেন, "আমি অত টাকা দিতে পারব না-বলে জানিয়ে দিই ৷ আমার সামর্থ্য নেই ৷ কিন্তু, উনি কোনও কথা শোনেননি ৷ যাঁদের আর্থিক সামর্থ্য নেই, তাঁরাই সরকারি হাসপাতালে আসে পরিষেবা পেতে ৷ কিন্তু, সেখানেই যদি টাকা চাওয়া হয়, তাহলে গরিব মানুষ যাবে কোথায় ? সরকারি হাসপাতালে টাকা চাওয়ার কোনও নিয়ম আছে বলে আমার জানা নেই ৷ এর বিহিত হওয়া দরকার ৷"

Hospitals Brokerage Syndicate
সাগর দত্ত হাসপাতালের বাইরে বাবার দেহ নিয়ে অপেক্ষায় ছেলে অর্পণ রায় ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মর্গ থেকে টাকা চাওয়ায় অর্পণ রায় বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন ৷ কামারহাটির বিধায়ক অভিযোগ পেয়েই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানান ৷ কিছুক্ষণের মধ্যেই কয়েকজন সেখানে পৌঁছে যান ৷ তাঁরা অর্পণের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর হাসপাতালে থাকা পুলিশের আউট পোস্টে বিষয়টি জানান তাঁরা ৷ ততক্ষণে কামারহাটি থানার পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান ৷

এরপর পুলিশের উপস্থিতিতে অনির্বাণ রায়ের দেহ মর্গে ঢোকানো হয় ৷ সেই সঙ্গে অভিযুক্ত আকাশ মল্লিককে আটক করে থানায় নিয়ে আসা হয় ৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক সুজয় মিস্ত্রি ৷ তিনি কেবল বলেন, "এ নিয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেছে ৷ আইন আইনের মতো করে চলবে ৷"

মদন মিত্র বলেন, "যে ছেলেটি টাকা চেয়েছেন, তিনি একজন স্থায়ী সরকারি কর্মী ৷ প্রায় 70 হাজার টাকা মাইনে পান তিনি ৷ তার পরেও কীভাবে মর্গে মৃতদেহ রাখার জন্য 22 হাজার টাকা চাইল, সেটাই বোধগম্য হচ্ছে না ৷ আমার 40 বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনার কথা আগে শুনিনি ৷ মমতা বন্দোপাধ্যায় কী করবেন, উনি এত বড় হাসপাতাল তৈরি করে দিয়েছেন, তার পরেও একশ্রেণির সরকারি কর্মী নিজেদের অভ‍্যাস পাল্টাতে পারছেন না ৷"