ETV Bharat / state

ফোনে SIR.apk ফাইল পাঠিয়ে সাইবার হানা ! বেহালার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও 5.5 লাখ

এপিকে ফাইলটিতে বিশেষ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত তথ্য রয়েছে - ফোনে পাঠানো বার্তায় এমনটাই দাবি করা হয় ।

ETV BHARAT
বেহালার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও 5.5 লাখ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 3:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া SIR-এর নাম ভাঙিয়ে ভয়ঙ্কর সাইবার প্রতারণার অভিযোগ সামনে এল কলকাতায় । লালবাজার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বেহালার এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুষ্কৃতীরা প্রায় 5.3 লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে । অভিযোগ, অজ্ঞাতপরিচয় একটি মোবাইল নম্বর থেকে ওই ব্যক্তির ফোনে একটি 'apk' ফাইল পাঠানো হয়েছিল, যার নাম 'SIR.apk'। সেই ফাইল খোলামাত্রই লুট হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ৷

এপিকে ফাইলটিতে নাকি বিশেষ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত তথ্য রয়েছে - ফোনে পাঠানো বার্তায় এমনই দাবি করা হয় । ভুলবশত ওই ফাইলটি খুলে ফেলতেই সেটি স্মার্টফোনে ইনস্টল হয়ে যায় । এরপরই শুরু হয় যাবতীয় বিপত্তি । গত সপ্তাহান্তে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক দফায় অননুমোদিত লেনদেন হয়ে যায় ।

ETV BHARAT
তদন্ত শুরু করেছে লালবাজার (নিজস্ব চিত্র)

পুলিশের প্রাথমিক অনুমান, এটি বৃহত্তর প্রতারণা চক্রের অংশ । প্রতারকেরা সরকারি কর্মীর পরিচয় দিয়ে ওটিপি সংগ্রহ করে ও 'SIR.apk' নামে ক্ষতিকর অ্যাপ পাঠিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল নিয়েছে । অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "চক্রটি খুব সক্রিয় । তাঁদের খোঁজ চলছে ৷"

প্রতারিত ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি সোমবারই ব্যাঙ্কে যোগাযোগ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কার্ড ও ইউপিআই পরিষেবা বন্ধ করে দিতে বলেন । পাশাপাশি জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইনে প্রাথমিক অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় নথিও পুলিশের হাতে তুলে দিয়েছেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ফোনে আসা বার্তাটির উৎস, ম্যালওয়্যারের কার্যপদ্ধতি ও অর্থ স্থানান্তরের সঙ্গে যুক্ত সুবিধাভোগী অ্যাকাউন্টগুলি চিহ্নিত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু হয়েছে ।

সম্প্রতি কলকাতা পুলিশের নগরপালের দায়িত্বে আসার পর সুপ্রতীম সরকার যে দুটি বিষয়ের উপর সবথেকে বেশি জোর দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম সাইবার নিরাপত্তা ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ভিতরে 24 ঘণ্টার একটি হেল্পলাইন খোলা হয়েছে ৷ সেই নম্বরটি হল, 1800-245-0066 ৷ পুলিশ কমিশনার বলেছিলেন, "প্রত্যেকটি অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা ৷ ফলে কলকাতা পুলিশের সদর দফতরে লালবাজারের মধ্যে অবস্থিত সাইবার সেলে এবং প্রতিটি থানার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন ৷ এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে ৷"