মোদি-মমতা আউট, 'তেরঙা রাখি'তে জাতীয়তাবাদ ইন ! বিজেপির পদ্মের রমরমা
কলকাতার ক্যানিং স্ট্রিটে রাখির পাইকারি বাজার জমজমাট ৷ সেখানে এবারের ট্রেন্ডের খোঁজ নিলেন ইটিভি ভারতের প্রতিনিধি সাহাজান পুরকাইত ৷

Published : August 27, 2026 at 7:41 PM IST
কলকাতা, 27 অগস্ট: রাখি বন্ধন মানেই ভাই-বোনের ভালোবাসা, সম্প্রীতি আর সম্পর্কের বন্ধন । কিন্তু এ বছর কলকাতার রাখির বাজারে সেই চেনা ছবির পাশাপাশি দেখা যাচ্ছে রাজনীতি ও জাতীয়তাবাদের নতুন ছাপ । এক সময় যে বাজারে নরেন্দ্র মোদি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের রাখির চাহিদা ছিল চোখে পড়ার মতো, এ বছর সেখানে তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে রাজনৈতিক মুখের রাখি । বদলে বাজার মাতাচ্ছে তেরঙা রাখি এবং বিজেপির প্রতীক পদ্মফুলের ছবি দেওয়া রাখি ।
রাখির বাজার মোদি-মমতার চাহিদা নেই
কলকাতার বড়বাজারের ক্যানিং স্ট্রিটে রাখির পাইকারি বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনই ছবি উঠে এসেছে । বিক্রেতা রাজেশ সিংর দাবি, গত কয়েক বছরে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি দেওয়া রাখির ভালো চাহিদা থাকলেও এ বছর তেমনটা দেখা যাচ্ছে না । দু-একটি দোকানে নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাখি থাকলেও তার বিক্রি বা চাহিদা খুব বেশি নয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখিও বাজারে কার্যত নজরে পড়ছে না ।
তেরঙা রাখিতে ছেঁয়েছে বাজার
বরং পদ্মফুলের প্রতীক এবং তেরঙা নকশার রাখি নিয়ে ক্রেতাদের আগ্রহ বেশি বলে দাবি ব্যবসায়ীদের । বিশেষ করে বিভিন্ন থানা ও সরকারি দফতর থেকে তেরঙা রাখির চাহিদা এসেছে বলে জানাচ্ছেন তাঁরা । ব্যবসায়ী রাজেশ সিং বলেন, "এবারও কোনও রাজনৈতিক দলের রং নেই রাখিতে ৷ দেশের তেরঙা রাখি রয়েছে ৷ সেটাই বেশি বিক্রি হচ্ছে ৷ স্কুল থেকে থানা সব জায়গায় তেরঙা রাখি চাহিদা রয়েছে ৷ 25-30 হাজার রাখি বিক্রি হয়েছে ৷"

এর পিছনে রয়েছে রাজ্য সরকারের এবারের রাখি উৎসবের বিশেষ উদ্যোগ । আগামী 28 অগস্ট রাজ্যজুড়ে রাখি বন্ধন উৎসব পালনের নির্দেশ দিয়েছে নবান্ন । জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবার তেরঙা রাখি বিনিময়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।

রাজ্যে রাখি উৎসব পালন
সপ্তাহখানেক আগেই জেলা প্রশাসনগুলির কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে । তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরনিগমের কমিশনারকে চিঠি দিয়ে উৎসবের রূপরেখা জানিয়েছেন । রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ।
রাখি ব্যবসায়ীদের হালহকিকত
বড়বাজারে রাখি কিনতে আসা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার খুচরো ব্যবসায়ীরাও বাজারের এই পরিবর্তনের কথা বলছেন । হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা-সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবারে স্থানীয় তৃণমূল স্তর থেকে রাজনৈতিক রাখির বরাত তেমন আসেনি । ফলে বাজারের চাহিদার একটা বড় অংশ চলে গিয়েছে তেরঙা ও পদ্মের রাখির দিকে ।

দক্ষিণ 24 পরগনার এক খুচরা ব্যবসায়ী বিকাশ মণ্ডল বলেন, "অন্যান্যবার জোড়া ফুল কিংবা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখির অর্ডার পেতাম । এবার তৃণমূলের থেকে কোনও অর্ডারি পায়নি । বরং পদ্ম ফুলের ছবি দেওয়া কিংবা জাতীয় পতাকার ছবি দেওয়া রাখি, অর্ডার দিয়েছেন স্থানীয় মণ্ডল সভাপতি । মজিলপুর পুরসভার এক বিজেপি নেতাও 5000 রাখির অর্ডার দিয়েছেন ।"

আরেক ব্যবসায়ী ইঙ্কু কুমার বলেন, "এবারে অনেক বিজেপির পদ্মফুল রাখি 70-80 হাজার বিক্রি করেছি এখনও ৷ ভালো চাহিদা রয়েছে এই রাখি ৷ দাম কমে এই রাখি পাওয়া যাচ্ছে ৷"

কোন রাখির কত দাম?
তবে রাজনৈতিক রাখির পাশাপাশি শিশুদের জন্য কার্টুন চরিত্রের রাখির চাহিদাও যথেষ্ট রয়েছে । কম দামের সাধারণ রাখির বাজারও আগের মতোই জমজমাট । পাইকারি বাজারে 100টি রাখি 50 থেকে 60 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে । অন্যদিকে তেরঙা বা পদ্মের ছবি দেওয়া রাখির দাম পড়ছে প্রায় 5 টাকা প্রতি পিস । গ্রাম ও মফঃস্বলের বাজারে সেগুলিই আবার 15 থেকে 20 টাকা পর্যন্ত খুচরো দামে বিক্রি হতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ।

বারাসতের খুচরা ব্যবসায়ী দেবাশিস বিশ্বাস বলেন, "আমার দোকানে স্কুল-কলেজের থেকেই অর্ডার বেশি আসে । বিশেষ করে বিভিন্ন বেসরকারি স্কুলের স্যার ম্যাডামরাই অর্ডার দেন । তাদের কাছে কার্টুন ক্যারেক্টার কিংবা ফুলের রাখির চাহিদা বেশি । এবারও সব মিলিয়ে প্রায় তিন হাজারের মতো অর্ডার পেয়েছি ।"

রাখি উৎসব সবার
অন্যদিকে রাজ্যজুড়ে এখন রাখি উৎসব পালনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ বড়বাজারে কেউ ভাইয়ের জন্য রাখি কিনতে এসেছেন, তো কেউ বন্ধুর জন্য ৷ সকলের একটাই বার্তা, রঙের উর্ধ্বে রাখি বন্ধন উৎসব সবার ৷ ক্রেতা টুম্পা মজুমদার ও পূজা দাসের কথায়, "শুক্রবার অফিসে রাখি পালন হবে ৷ তাই এখানে রাখি কিনতে এসেছি ৷ রাজনৈতিক রঙের রাখি নেব না ৷ সাধারণ রাখি নেব ৷ রাখি মানে রাজনৈতিক রং নয় ৷ রাজ্যে সরকার বদল ঘটলেও রাখি একই থাকা উচিত ৷ কারণ রাখি সকলের জন্য ৷ সবাই সবাইকে রাখি পরাতে পারে ৷"

সব মিলিয়ে এবারের রাখির বাজারে যেন বদলে গিয়েছে চেনা সমীকরণ । মোদি-মমতার মুখের রাখির বদলে তেরঙা ও পদ্ম-রাজনৈতিক বার্তা, দেশপ্রেম এবং বাজারের চাহিদা মিলেমিশে তৈরি করেছে রাখি উৎসবের এক নতুন ছবি ।

