ETV Bharat / state

এসএসকেএম হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনি যুবককে, নীরব দর্শক পুলিশ !

হাসপাতালে আসা রোগীর পরিজনরা যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির চেষ্টার অভিযোগ আনে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক ৷

YOUTH BEATEN BY MOB
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 9, 2025 at 7:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 নভেম্বর: একদিকে প্রশাসনের তরফে গণপিটুনির বিরুদ্ধে চলছে প্রচার ৷ সেখানে কলকাতা শহরেই পুলিশের সামনেই মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল ৷ আর সেই সময় কার্যত 'নীরব দর্শক' হয়ে রইল পুলিশ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের আউট পোস্টের সামনে ৷ পুলিশের হাত থেকে ওই যুবককে ছিনিয়ে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর দু’টো নাগাদ এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের বাইরে ওই যুবক মোবাইল চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ৷ সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সেখানে উপস্থিত লোকজন ৷ সেই সময় আউট পোস্টে থাকা পুলিশ কর্মীরা সেখানে চলে আসেন ৷ তাঁরা চোর সন্দেহে ওই যুবককে আটক করেন ৷ কিন্তু, সেখানে উপস্থিত ভিড়ের মধ্যে থেকে একাংশ ওই যুবককে মারধর শুরু করেন বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, শনিবার রাত থেকে এসএসকেএম হাসপাতালে অনেক রোগীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন খোয়া গিয়েছে ৷ আর সেই আক্রশ গিয়ে পড়ে ওই যুবকের উপর ৷ ভিড়ের মধ্যে থেকে হঠাৎই একদল লোক ওই যুবককে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় ৷ আর সেই সঙ্গে এলোপাথাড়ি চর, কিল, ঘুষি, লাথি চলতে থাকে ৷ নিমেষের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক ৷ ততক্ষণে হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে যান ৷ তাঁরাই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছেন ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

এই ঘটনায় নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, "লোকাল থানার ওসি-র থেকে এই প্রকারের একটা ঘটনা শুনেছি ৷ তবে, এই মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি ৷ তবে, মারধরের ঘটনার সঙ্গে-সঙ্গে আউট পোস্ট থেকে পুলিশ বেরিয়ে তাঁকে উদ্ধার করে ৷ কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে হাসপাতালের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি ৷"

উল্লেখ্য, এর আগেও এসএসকেএম হাসপাতালে বহিরাগতের অনুপ্রবেশের ঘটনায় রোগী ও তার পরিজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ দু’দিন আগেই এসএসকেএম হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত ব্যক্তি ৷ রোগী-সাক্ষাতের নির্ধারিত সময়ের বাইরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন ওই ব্যক্তি ৷ তিনি কলকাতা পুরনিগমের পরিচয়পত্র দেখান ৷ কিন্তু, তাঁকে বাধা দিলে মহিলা চিকিৎসক এবং নার্সদের গালিগালাজ এবং হুমকি দেন বলে অভিযোগ ওঠে ৷

তারও আগে এসএসকেএম হাসপাতালে 15 বছরের এক কিশোরীর যৌন নিগ্রহের অভিযোগ ওঠে বহিরাগতের বিরুদ্ধে ৷ ট্রমা কেয়ার বিভাগের শৌচাগারে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নিগ্রহ করা হয় ৷ সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন শম্ভুনাথ পণ্ডিতের এক গ্রুপ-ডি’র কর্মী ৷

(গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও ৷)