অভিযোগ ছিল অপহরণের, 3 দিন পর নিজেই ঘরে ফিরল সপ্তম শ্রেণির ছাত্র
5 তারিখ বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর 13-র সায়ন্তন অধিকারী ৷ ঘটনার তিন দিন কেটে যাওয়ার পর শনির সন্ধ্যায় ঘরে ফেরে ছেলে ৷

Published : November 8, 2025 at 9:02 PM IST
বোলপুর, 8 নভেম্বর: নাবালক ছাত্রের 3দিন ধরে খোঁজ না-মেলায় অপহরণের অভিযোগ উঠছিল ৷ পুলিশে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানিয়েছিল শোকার্ত পরিজন ৷ অভিযোগ উঠছিল পুলিশি ভূমিকা নিয়েও ৷ কিন্তু, জানা গেল, নাবালক নিজেই বাড়ি থেকে চলে গিয়েছিল ও পরে ফিরে আসে ৷ গত 5 নভেম্বর শান্তিনিকেতন থানার প্রান্তিক এলাকা থেকে সপ্তম শ্রেণির ছাত্র খেলতে বেরিয়ে আর বাড়ি আসেনি ৷ পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় জানান, তাঁদের বছর তেরোর ছেলে ঘরে ফিরেছে।
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ তল্লাশিতে কোনও খামতি রাখেনি ৷ ওই ছেলে বাড়ি এসেছে জনিয়েছে, সে নিজেই গিয়েছিল ৷ তাই সেই কথাও যাচাই করে দেখা হবে ৷" মা শ্রাবণী অধিকারী জানান, "খেলতে বেরিয়েছিল আমার ছেলে ৷ তারপর থেকে আর ফেরেনি ৷ রোজ ফিরে আসে ৷ সন্দেহ হচ্ছে কেউ ওকে অপহরণ করে নিয়েছে। 3 দিন হল কোনও খোঁজ পাচ্ছিলাম না, পুলিশকে জানিয়েছি। সব জায়গায় খোঁজা হয়েছে, এক ব্যক্তির উপর সন্দেহ হচ্ছে, কিছু বুঝতে পারছি না ৷"
বোলপুরের মকরমপুরের বাসিন্দা অভিজিৎ অধিকারী ও শ্রাবণী অধিকারী। কিন্তু, শান্তিনিকেতন থানার প্রান্তিক এলাকার সায়রবিথী পার্কের কাছে একটি বাড়িতে কেয়ারটেকার থাকেন তাঁরা ৷ অভিজিৎ অধিকারী পেশায় একটি রেস্টুরেন্টের রাঁধুনির কাজ করেন। এই অধিকারী দম্পতির দুই সন্তান ৷ অভিযোগ, গত 5 নভেম্বর থেকে তাঁদের ছোট ছেলে সায়ন্তন অধিকারী (13)-র আর খোঁজ মেলে না ৷ বাড়ি থেকে বিকেল 4টেয় খেলতে বেরিয়েছিল সে ৷ সেই সময় পরনে ছিল কালো গেঞ্জি ও কালো হাফ প্যান্ট ৷ প্রতিদিনই সংশ্লিষ্ট একটি মাঠে খেলাধুলো করে সন্ধ্যায় বাড়ি ফিরত ৷ কিন্তু সেদিন আর ফেরেনি ৷
সায়ন্তন স্থানীয় গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ৷ 6 নভেম্বর সায়ন্তনের মা শান্তিনিকেতন থানায় নিঁখোজের অভিযোগ করেন ৷ পরে তা মামলা হিসাবে রুজু করা হয় ৷ ঘটনার 72 ঘণটা কেটে গেলেও নিঁখোজ ছাত্রের কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ। শোকার্ত পরিজনের সন্দেহ সায়ন্তনকে অপহরণ করা হয়েছে। এক ব্যক্তিকে তাঁদের সন্দেহ হওয়ায়, সেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফে শহরের মোড়ে থাকা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। পরে আজ সন্ধ্যায় ছেলেটি ঘরে ফিরে আসে ৷
কিন্তু, প্রাথমিক তথ্যটুকুও মেলেনি ৷ 'হেরিটেজ' শান্তিনিকেতন থেকে ছাত্রকে অপহরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে। বাড়ির ছেলের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ৷ নাবালকের দাদু সনৎ কুমার ঘোষ বলেন, "ভাতটুকু গলা দিয়ে নামছিল না ৷ একটা লোকের উপর সন্দেহ রয়েছে, পুলিশকে জানিয়েছি।"

