ETV Bharat / state

গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়িতে আক্রমণ-ভাঙচুর, আতঙ্কে এলাকাবাসী

দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ।

attack at Trinamool worker home
তৃণমূল কর্মীর বাড়িতে আক্রমণের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 6, 2026 at 7:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 6 জুলাই: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব ! ধারালো অস্ত্র, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ওই তৃণমূল কর্মীর পরিবার ৷ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার বেনাচিতির নতুন পল্লি এলাকায় ৷ খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, "একটি অভিযোগ দায়ের হয়েছে দুর্গাপুর থানায় । পুলিশ তার প্রেক্ষিতে তদন্তে নেমেছে । যে বা যারা এই ঘটনায় যুক্ত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হবে ।"

গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়িতে আক্রমণ (নিজস্ব ভিডিয়ো)

তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় । এরপর বাড়ির একাংশে ব্যাপক ভাঙচুর চালানো হয় । ভাঙচুরের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ পৌঁছয় ৷ তবে তার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায় বলে অভিযোগ ।

গৃহকর্ত্রী রীণা রায় বলেন, "আমার ছেলে তৃণমূল করে ৷ রাতারাতি এলাকার কিছু ছেলে বিজেপি হয়ে গিয়েছে ৷ তাই আমাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে ওরা ৷ ভাঙচুর করেছে ৷ আমার ছেলের খোঁজ করছিল ৷ বলল, ওকে মেরে দেব ৷ এক কোটি টাকা দাবি করেছে ৷ আমাদেরও মারধর করেছে ৷ এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি । দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।"

attack at Trinamool worker home
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব (নিজস্ব ছবি)

অন্যদিকে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, "আমরা খোঁজ নিয়ে দেখলাম এই ঘটনার নেপথ্যে চার তারিখের পরে যারা বিজেপি তাদের যোগ রয়েছে । আমাদের রাজ্য সভাপতি সরাসরি বলে দিয়েছেন এই ধরনের সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না । তাই আমরাও একযোগে পুলিশের কাছে আবেদন জানাচ্ছি যে বা যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠিনতম শাস্তি দেওয়া হোক ।"

ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ । হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে । তবে নতুন পল্লি এলাকায় সোমবার সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে । ওই এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে রাতের অন্ধকারে এভাবে হামলা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা পুলিশকে জানিয়েছেন ।