ETV Bharat / state

ভরসন্ধ্যায় লন্ডভন্ড কলকাতার লাইফলাইন, ভোগান্তিতে নাজেহাল অফিস ফেরত যাত্রীরা

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রেক বিকল হয়৷ আধঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা৷

KOLKATA METRO SERVICE DISRUPTED
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 9:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 অগস্ট: বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলেই কলকাতার পাতালপথে ভিড় বাড়তে শুরু করে ৷ বেশিরভাগ অফিস যাত্রীই এই সময় বাড়ি ফেরার জন্য বেছে নেন মহানগরের মেট্রো পরিষেবাকে ৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস যাত্রীদের ঘর-মুখী সফর একেবারে সুখকর হল না ৷ মেট্রোর রেক বিকল হয়ে দীর্ঘক্ষণ বন্ধ রইল পরিষেবা ৷ এর জেরে চরম ভোগান্তির মুখে পড়তে সাধারণ মানুষকে ৷

কলকাতা মেট্রোর ব্লু লাইনের পার্ক স্ট্রিট স্টেশনে ঘটনাটি ঘটে ৷ মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যে এদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি রেক পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হঠাৎ বিকল হয়ে যায় । বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যান্ত্রিক গোলযোগের কারণেই রেকে ত্রুটি দেখা দিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হয় । এর জেরে বিঘ্নিত হয় দক্ষিণ থেকে উত্তরগামী পরিষেবা ৷ শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো ৷

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে পরিষেবা প্রথমে স্বাভাবিক রাখা হয় ৷ তার পর পুরো পরিষেবাই বিভক্ত করে দেওয়া হয় ৷ মেট্রো কর্তৃপক্ষ জানায় যে, দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হয় ৷

ফলে সন্ধ্যায় যাঁরা রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি পর্যন্ত কোনও একটি মেট্রো স্টেশন দিয়ে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের সমস্যায় পড়তে হয় ৷ অনেককেই বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যের দিকে রওনা দিতে হয় ৷ চাঁদনি চক থেকে অনেক যাত্রীকে সেন্ট্রাল স্টেশনের দিকে হেঁটেও যেতে দেখা যায় ৷ যাঁরা হাওড়ার দিকে যাবেন, তাঁদের অনেককে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বাইরে থেকে বাস ধরতে দেখা যায় ৷ অনেকে আবার এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত হেঁটে দিয়ে ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন)-এর হাওড়া বা সল্টলেকগামী মেট্রো ধরেন ৷

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 20-25 মিনিটের চেষ্টায় বিকল রেকটি সরানো হয় ৷ তার পর ফের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয় ৷ যেহেতু এই সময়ের মধ্যে মেট্রো পরিষেবা দু’টি ভাগে চলছিল, তাই পুরো পথে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগে যায় ৷

এদিকে ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷ তাঁদের অভিযোগ, রেকগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না ৷ সেই কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হল ৷ যদিও এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন -

  1. দিল্লি-মুম্বইয়ের দৌড়ে তিলোত্তমা ! 130 কিলোমিটার ছোঁয়ার পথে কলকাতা মেট্রো
  2. শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম হতে পারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর নামে, কী প্রতিক্রিয়া কিংবদন্তির দোহিত্রর?
  3. বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে এই মেট্রো স্টেশনের নামকরণের প্রস্তাব মন্ত্রী অগ্নিমিত্রার