ETV Bharat / state

প্রধান-উপপ্রধানের সঙ্গে 14 জনের সদস্যপদ বাতিল ! পরিষেবা নিয়ে প্রশ্ন

খারিজ হওয়া 14 সদস্যের মধ্যে তৃণমূলের 7 জন, বিজেপির 6 ও কংগ্রেসের একজন । এই 14টি বুথে মানুষ কীভাবে পরিষেবা পাবে, তা প্রশ্নের মুখে ।

Malda Kshempur Panchayat
27 আসন বিশিষ্ট পঞ্চায়েতে একসঙ্গে 14 জনের সদস্যপদ খারিজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 2, 2026 at 9:32 AM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 2 সেপ্টেম্বর: মাত্র কয়েকদিনের ব্যবধানে নাটকীয় পট পরিবর্তন ৷ বেনজির সিদ্ধান্ত মহকুমা প্রশাসনের । 27 আসন বিশিষ্ট পঞ্চায়েতে একসঙ্গে 14 জনের সদস্যপদ খারিজ । রাজ্যে পালাবদলের পর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে নতুন প্রধান নির্বাচিত হলেও হল না শেষরক্ষা । প্রধান সহ উপ-প্রধানের সদস্যপদ খারিজ হওয়ার ফলে পঞ্চায়েত পরিষেবা কীভাবে মিলবে, তা নিয়েও উঠছে প্রশ্ন । এমনই ঘটনা মালদার চাঁচল 2 ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতে ।

2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 16টি আসনে জেতে ৷ বিজেপির ঝুলিতে যায় 8টি আসন ৷ অন্যদিকে, কংগ্রেসের 2 ও RSP একজন সদস্য জিতেছিলেন । তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পরিস্থিতি বদলে যায় ৷ কয়েকজন তৃণমূল সদস্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত দখল করেন। প্রধান হন তৃণমূলের শম্পারানি সিনহা ও উপপ্রধান বিজেপির বাসুদেব ভুঁইয়া । সরকারের পট পরিবর্তন হতে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ।

14 জনের সদস্যপদ বাতিল মালদার ক্ষেমপুর পঞ্চায়েতে (ইটিভি ভারত)

অন্যদিকে, সেই সময় তৎকালীন প্রধান শম্পারানি সিনহা 14 জনের সদস্য পদ খারিজের দাবিতে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন । চলতি বছর গত 19 অগস্ট শম্পারানিকে সরিয়ে প্রধান হন তৃণমূলেরই ছবি মণ্ডল । অন্যদিকে, বিজেপির বাসুদেব ভুঁইয়া উপপ্রধান পদে বহাল থাকেন । তবে, 12 দিনের মধ্যেই ওই 14 জনের সদস্য পদ খারিজ হওয়ার ফলে প্রধান এবং উপপ্রধান উভয়ই পদ হারান ।

জানা গিয়েছে, খারিজ হওয়া 14 জন সদস্যের মধ্যে তৃণমূলের 7 জন, বিজেপির 6 ও কংগ্রেসের একজন রয়েছেন । এখন সেই 14টি বুথে মানুষ কীভাবে পরিষেবা পাবে, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে । অন্যদিকে, বাকি 13 জনকে নিয়ে কীভাবে প্রধান-উপপ্রধান গঠন হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা ।

Malda Kshempur Panchayat
অভিযোগপত্র হাতে তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল হক (ইটিভি ভারত)

এই বিষয়ে অভিযোগকারী তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল হক বলেন, "পঞ্চায়েতের তিনটি সাধারণ সভায় ওই সদস্যরা অনুপস্থিত ছিলেন । সেই কারণেই পঞ্চায়েত আইন অনুযায়ী অভিযোগ জানিয়েছিলাম । প্রশাসনের শুনানি শেষে রায় দেওয়া হয়েছে । সত্যের জয় হয়েছে ।" তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শম্পারানির স্বামী প্রদূত সিনহাও একই কথা বলেছেন ৷

আইনজীবী হারুন আলি বলেন, "পঞ্চায়েত আইনে কোনও সদস্য নির্দিষ্ট সংখ্যক পঞ্চায়েত সভায় যথাযথ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে, আইন অনুযায়ী তাঁর সদস্যপদ খারিজ করার বিধান রয়েছে । প্রশাসন তাই করেছে ।"

মালদা উত্তরের বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়ার বক্তব্য, "দলের স্পষ্ট নির্দেশ রয়েছে, পঞ্চায়েতের ভাঙাগড়ার খেলায় আমরা থাকব না । সদস্যপদ খারিজের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত । এ বিষয়ে দলের কোনও ভূমিকা নেই । প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ।"

Malda Kshempur Panchayat
14 সদস্যের পদ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কয়েকজন (ইটিভি ভারত)

চাঁচল মহকুমা প্রশাসনের এক একাধিকারিক জানান, পঞ্চায়েত আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে । সূত্রের খবর, আপাতত প্রশাসন এই পঞ্চায়েত পরিচালনা করবে । এখন দেখার বিষয় পঞ্চায়েত দফতর থেকে এই পঞ্চায়েতের জন্য বিশেষ কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিনা । যদিও এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েত পরিষেবা পাওয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ।