ETV Bharat / state

রাজ্যে প্রথম, পাহাড়ি জঙ্গলে দেখা মিলল কালো হরিণের

এই হরিণ মূলত বার্কিং ডিয়ার প্রজাতির ৷ কালো হয়ে যাওয়ায় মেলানিস্টিক হরিণ বলা হয় ৷ পাহাড়ি জঙ্গলে ডিএফওর চোখে পড়ে এই কালো হরিণটি ৷

melanistic deer
পাহাড়ি জঙ্গলে দেখা মিলল কালো হরিণের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 4:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 8 জানুয়ারি: বছরের শুরুতেই রাজ্য বন দফতরের জন্য দারুণ খুশির খবর । পাহাড়ি জঙ্গলে প্রায়শই দেখা মিলছিল কালো চিতাবাঘের । এবার শৈলরানির জঙ্গলে দেখা মিলল কালো হরিণের । রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কালো হরিণ প্রকাশ্যে দেখা গিয়েছে বলে দাবি বন দফতরের ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ লক্ষ হরিণের মধ্যে এমন একটি কালো হরিণের জন্ম হয়ে থাকে । তাই বৃহস্পতিবার সকালে ওই হরিণটির দেখা মিলতেই উচ্ছ্বসিত বন দফতর । কারণ গোটা দেশে হাতে গোনা এরকম কয়েকটি মাত্র কালো হরিণ রয়েছে । আর ওই কালো হরিণের জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানোর ছবি ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছেন স্বয়ং কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে ।

দেখুন কালো হরিণের ভিডিয়ো (ইটিভি ভারত)

হরিণের কালো রঙ হওয়ার কারণ

বন বিভাগের তরফে জানা গিয়েছে, কালো চিতাবাঘকে মূলত মেলানিস্টিক লেপার্ড বলা হয়ে থাকে ৷ জেনেটিক ত্রুটির কারণে সাধারণ চিতাবাঘের গায়ে কালো রঙের পরিমাণ বেড়ে যায় ৷ সেই একই কারণেই হরিণের গায়েরও কালো রঙের পরিমাণ বেড়ে যায় এবং তা সম্পূর্ণ কালো হরিণ হিসেবে দেখায় । এই হরিণ মূলত বার্কিং ডিয়ার প্রজাতির ৷ কিন্তু রং কালো হয়ে যাওয়ায় মেলানিস্টিক হরিণ বলা হয়ে থাকে । পাহাড়ের গভীর জঙ্গলে এই হরিণের দেখা হামেশাই মেলে । এর আগে বন দফতরের গবেষণায় কালো হরিণের অস্তিত্বের কথা জানানো হয়েছিল । তবে পশ্চিমবঙ্গে এই কালো হরিণের খোঁজ প্রথমবার মিলল বলেই জানা যাচ্ছে ৷

নজরদারি বৃদ্ধি বন বিভাগের

এদিন সকালে কার্শিয়াং বন বিভাগের ডাউহিল ফরেস্টে ওই কালো হরিণের দেখা মিলেছে । আর ওই হরিণের দেখা মিলতেই গোটা জঙ্গলে নজরদারি বাড়িয়েছে বন বিভাগ । কারণ এই ধরনের হরিণের উপর চোরাশিকারিদের নজর থাকে । যাতে হরিণটি কোনওভাবেই শিকার না হয় সেজন্য গোটা জঙ্গল জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে ।

ডিএফও'র বক্তব্য

গত বছরেও পাহাড়ের জঙ্গলে ডাউহিল, বাগোরা ও মিরিকে কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের দেখা মিলেছিল । এই প্রথমবার মেলানিস্টিক হরিণের দেখা মিলল । কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, "এটা আমাদের জন্য দারুণ সুখবর । এর আগে কালো চিতাবাঘের দেখা মিলেছে একাধিকবার । এবার প্রথম মেলানিস্টিক হরিণের দেখা মিলল । এই ধরনের হরিণ খুব অল্প জন্ম হয় । সেজন্য আমরা গোটা জঙ্গল জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছি ও নজরদারি বাড়ানো হয়েছে ।"