তেলের ট্যাঙ্কার থেকে ধূলাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক লরি-বাস
শুক্রবার আনুমানিক রাত ন'টা নাগাদ এই ঘটনা ঘটে । দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Published : January 10, 2026 at 12:29 PM IST
হাওড়া, 10 জানুয়ারি: 16 নম্বর জাতীয় সড়কের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ৷ হঠাৎ করেই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় সার্ভিস রোড । মুহূর্তের মধ্যেই একের পর এক গাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে । তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধূলাগড় এলাকায় ৷ প্রত্যক্ষদর্শীদের ভাষায়, চোখের সামনে যেন আগুনের নদী বয়ে যাচ্ছিল ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত একটি বাগনানগামী তেলের ট্যাঙ্কার থেকে । সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময় আচমকাই ট্যাঙ্কার থেকে তেল লিক শুরু হয় । সেই লিক হওয়া তেল থেকেই প্রথম আগুন ধরে যায় । ভয়াবহ বিষয় হল, আগুন লাগার পরেও ট্যাঙ্কারটি কিছুটা পথ এগোতে থাকে । ফলে রাস্তায় ছড়িয়ে পড়ে জ্বলন্ত তেল ৷ আর তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে চলাচল করা যানবাহনে । ঠিক সেই সময় ওই রাস্তায় চলছিল একাধিক লরি ও একটি যাত্রীবাহী বাস । আগুনের গ্রাসে পড়ে চারটি লরি এবং একটি বাস । কয়েক মিনিটের মধ্যেই সেগুলি আগুনে পুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ।
স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ন'টা নাগাদ ঘটে এই ঘটনা । আগুনের তীব্রতায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয় । আশপাশের দোকানপাট ও বাড়ি থেকে মানুষজন রাস্তায় ছুটে আসেন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ । কিছুক্ষণের মধ্যেই আসে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ।
দমকল কর্মীরা পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন । প্রায় দেড় ঘণ্টার নিরলস চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও ততক্ষণে সংশ্লিষ্ট বাস ও লরিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই । এই অগ্নিকাণ্ডের জেরে সার্ভিস রোডে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে । পরে পোড়া বাস ও লরিগুলি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল ।
স্থানীয় বাসিন্দারা সুকান্ত আদর ও বিজলি আরি বলেন, "আমরা বাইরে বেরিয়ে দেখি সারা রাস্তা আগুন জ্বলছে ৷ একটার পর একটা গাড়ি জ্বলছিল । কী করব বুঝে উঠতে পারছিলাম না । ভয়ে হার্টঅ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল আমাদের ৷"
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, “অয়েল ট্যাঙ্কার থেকেই এই বিপত্তি ঘটে । তবে দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।" তবে এই ঘটনায় অগ্নি-নিরাপত্তা ও বিপজ্জনক পণ্য পরিবহণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

