ETV Bharat / state

বড়বাজারে ভয়াবহ আগুন ! নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন

শনিবার ভোরে এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সামগ্রীর গুদামে আগুন লাগে ৷ নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও ৷

FIRE BREAKS OUT AT KOLKATA
এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 15, 2025 at 10:49 AM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 নভেম্বর: শহরে আবারও ভয়াবহ আগুন ৷ এবার আগুন লাগল বড়বাজারের এজরা স্ট্রিটে এক বৈদ্যুতিন সামগ্রীর গুদামে ৷ নিমেষের মধ্যে আশেপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে লেলিহান শিখা । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ভিতরে কেউ আটকে আছেন কি না তা-ও স্পষ্ট নয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর 5টা নাগাদ 17 নম্বর এজরা স্ট্রিটের 12 তলা বহুতলের দ্বিতীয় তলায় থাকা এই গুদামে হঠাৎ আগুন লেগে যায় ৷ গুদামের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল ৷ পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়ায় চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা ৷ দমকল আসার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে বহুতলের একাংশ । বাণিজ্যিক ওই বহুতলের বিভিন্ন সংস্থার দোকান থেকে শুরু করে অফিস ও গুদাম রয়েছে বলে জানা গিয়েছে ।

বিধ্বংসী আগুনে কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা (ইটিভি ভারত)

এজরা স্ট্রিটের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের সতর্ক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু । আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন তিনি । ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় সুজিত বসু জানান, দমকল ও পুলিশের দায়িত্ব সব নয় ৷ ব্যবসা যাঁরা করছেন তাঁদের ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে হবে । তাঁদেরও দায়বদ্ধতা আছে কিছু । তিনি বলেন, "আমরা ফায়ার অডিট থেকে শুরু করে যা যা করণীয় করে থাকি । কিন্তু ব্যবসায়ীদের আগুন লাগলে নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে । নিয়ম মেনে ব্যবসা করতে হবে । কিভাবে এই আগুন লাগল, তা তদন্ত করা হবে । কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে ।"

ঘটনাস্থলে সুজিত বসুর সঙ্গে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "ব্যবসায়ীদের অভিযোগ এখানে হকার ও পার্কিংয়ের সমস্যা রয়েছে । হকারদের জন্য দমকলের গাড়ি ঢুকতে পারে না ৷ ব্যবসায়ীদের সব সরিয়ে সেই কাজ করতে হয় । আমার নজরে পড়ল প্রচুর তারও ঝুলছে । আমি দমকল, কর্পোরেশন, এখানকার ব্যবসায়ী সমিতি, পুলিশ, সিইএসসি সকলকে নিয়ে আগামী সপ্তাহে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেব ৷ কোনও কারণে আগুন লাগতেই পারে ৷ কিন্তু, দমকলের কাজ করতে যাতে অসুবিধা না-হয়, উদ্ধার কাজে অসুবিধা না-হয়, সেটা দেখার দায়িত্ব সকলের ।"

Firhad Hakim and Sujit Bose
ঘটনাস্থলে দমকলমন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এদিন, প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ পরে ঘটনাস্থকলে পৌঁছন দমকলের কর্মীরা ৷ বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয় দমকলের 20টি ইঞ্জিন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন ৷ তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নেই ৷

দমকলের ডিজি রাজীব কুমার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ বৈদ্যুতিন সামগ্রীর গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভাতে দমকলের 20টি ইঞ্জিনের পাশাপাশি 9টি ওয়াটার জেটকে কাজে লাগানো হয়েছে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ কীভাবে আগুন লাগল, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি ৷ তবে প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুন ৷ এই আগুনের কারণে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে ৷

জানা গিয়েছে, সামনের একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে ৷ গুদামের মাঝখানের অংশ দিয়ে ভিতরে প্রবেশের কোনও সুযোগ নেই । ফলে, রাস্তার দু'পাশ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা ৷ মাঝে মধ্যে সিলিন্ডার ফাটার শব্দও শোনা গিয়েছে । আশেপাশের সমস্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ দমকলের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজ করছেন ৷

FIRE BREAKS OUT AT KOLKATA
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা (এএনআই)

এদিকে এদিনের এই ঘটনায় আরও একবার শহরের ফায়ার অডিটের গতি-প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠে গেল। সম্প্রতি, মেছুয়া ফল পট্টির এলাকার একটি হোটেলে বিধ্বংসী আগুনে 13 জনের মৃত্যু হয় ৷ তার আগে পাথুরিয়া ঘাটা স্ট্রিটে প্রাণ হারান ভিন রাজ্যের দুই পুরোহিত । মেছুয়ার ঘটনা পর রুফটপ বার রেস্তোরাঁয় লাগাম টানা হয়েছে । তবে ফায়ার অডিট করে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার কথা বললেও তার বাস্তবায়ন হচ্ছে কি না, সরকারিভাবে সেদিকে কারও নজর নেই বলে অভিযোগ বিভিন্ন মহলের ৷ এদিনের ঘটনা সেই প্রশ্ন আরও একবার তুলে দিল ৷

পড়ুন: মারধরের ঘটনায় শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে পালটা FIR, খারিজ হাইকোর্টের