ETV Bharat / state

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম 4

এক বছরের ব্যবধান ৷ ফের চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ কারখানাটি বৈধ ছিল বলে দাবি এলাকাবাসীর ৷

Champahati Explosion
চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 1:53 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বারুইপুর, 10 জানুয়ারি: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম চার ! শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার চম্পাহাটির হাড়াল গ্রামে ৷ বছরখানেক আগে এই হাড়াল গ্রামের সর্দার পাড়াতেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল । সেদিনটাও ছিল শনিবার ৷ এবারও শনিবার ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন ৷ জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷ জানা গিয়েছে, তাঁর শরীরের 90 শতাংশ ঝলসে গিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থলে বাজি তৈরির কাজ চলছিল ৷ বেশ কয়েকজন শ্রমিক ওই বাড়িটিতে বাজি তৈরির কাজ করছিলেন ৷ তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ৷ অভিঘাত এতটাই যে বাড়িটির একাংশ গুঁড়িয়ে গিয়েছে ৷ কাছাকাছি থাকা একটি বড় গাছও ঝলসে গিয়েছে ৷

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ (ইটিভি ভারত)

বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান ৷ খবর দেওয়া হয় বারুইপুর থানায় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

এলাকাবাসীর দাবি, বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ৷ বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁর বাড়িটি ৷ গৃহকর্তা পিন্টু মণ্ডল-সহ শুভঙ্করি সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন ৷ ঘটনার প্রতক্ষ্যদর্শী তথা আরেক বাজি ব্যবসায়ী অলোক মণ্ডল জানান, সেই বছরে বাজি বিক্রিতে তাঁদের লাভ হয়নি ৷ কালীপুজোর সময়ে বিক্রি না-করতে পারা কিছু বাজি বাড়িতে রেখে দিয়েছিলেন পিন্টু ৷ এদিকে তাঁর বাড়িতে রান্নার সময় সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷ সেই আগুন বাজিতে লাগে ৷ তার ফলেই ভয়াবহ বিস্ফোরণ হয় ৷

এলাকার এক বাসিন্দা সঞ্জীব মণ্ডল বলেন, "এটি বৈধ বাজি তৈরি করার কারখানা ৷ প্রতিদিনের মতো আজও এখানে শ্রমিকরা কাজ করছিলেন ৷ হঠাৎ এই বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির পাঁচিল ৷ চারজন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷"

কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা ৷ এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, "শনিবার সকালে চম্পাহাটি হাড়াল এলাকায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনার খবর পাই আমরা ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায় ৷ 2024 সালের 28 ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দার পাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ সেবার বাড়িতে মজুত রাখা বাজি থেকে বিস্ফোরণ হয় ৷ সেই তীব্রতায় ভেঙে চুরমার হয়ে যায় বাড়ি ৷ ঝলসে যান এক মহিলা-সহ তিনজন ৷