জরায়ুতে 5 কেজি ওজনের বিশাল টিউমার, সফল অস্ত্রোপচারে নতুন জীবন রোগীর
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে হল জরায়ুর টিউমারের জটিল অস্ত্রোপচার ৷ নেপথ্যে চার বিশেষজ্ঞ চিকিৎসকের দল ৷

Published : January 7, 2026 at 7:29 PM IST
শান্তিপুর (নদিয়া), 7 জানুয়ারি: জরায়ুতে ছিল 5 কেজি ওজনের বিশাল টিউমার ৷ প্রায় তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার বাদ দিলেন চিকিৎসকরা ৷ আর এই অস্ত্রোপচার হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পবিত্র বেপারীর নেতৃত্বে পাঁচ চিকিৎসকের একটি দল এই অস্ত্রোপচার করেছে ৷
হাসাপাতালের তরফে জানানো হয়েছে, নদিয়ার শান্তিপুরের বেড় পাড়ার বাসিন্দা পিন্টুউদ্দিন আলির স্ত্রী হাসিনা বিবি (43) ৷ মাস ছয়েক আগে তাঁর জরায়ুতে টিউমার ধরা পড়ে ৷ প্রথমে বেসরকারিতে ডাক্তার দেখাচ্ছিলেন ৷ কিন্তু, টিউমারের আকৃতি ধীরে-ধীরে বাড়তে থাকায় পরিবারের তরফে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ পবিত্র ব্যাপারীকে ওপিডি-তে দেখানো হয় ৷
সেখানে বেশ কিছু পরীক্ষার পর দেখা যায়, ছ’মাসের মধ্যে টিউমার বিশাল আকৃতি ধারণ করেছে ৷ চিকিৎসক জানিয়েছেন, মহিলার জরায়ুতে প্রায় ন’মাসের অন্তঃসত্ত্বার পেটের সমান আকৃতির টিউমার ছিল ৷ এরপরেই হাসিনা বিবির টিউমারের অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন চিকিৎসক পবিত্র ব্যাপারী ৷ তিনি এবং জেনারেল সার্জেন চিকিৎসক আশিস সাউ মিলে সমস্ত ব্যবস্থাপনা করেন ৷
উল্লেখ্য, জেলা হাসপাতাল হওয়ায় সেখানে এত বড় জরায়ুর টিউমার অস্ত্রোপচারের পরিকাঠামো সেভাবে ছিল না শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ বিশেষত, হাসপাতালে কোনও ব্লাড ব্যাংক না-থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল ৷ তবে, রক্ত স্টোর করার ব্যবস্থা থাকায় চিকিৎসকরাই রক্তের ব্যবস্থা করেন ৷
এই নিয়ে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, "আমরা চারজন চিকিৎসকের একটি টিম এই অস্ত্রোপচার করেছি ৷ প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে ৷ আমার সঙ্গে ছিলেন, অ্যানাসথেটিস চিকিৎসক সুনীতা সোম, চিকিৎসক সোহম কর্মকার এবং জেনারেল সার্জেন চিকিৎসক আশিস সাউ ৷ রক্তের একটা সমস্যা ছিল ৷ যেহেতু আমাদের এখানে ব্লাড ব্যাংক নেই ৷ পাশাপাশি, স্টেট জেনারেল হাসপাতাল হওয়ায় পরিকাঠামোর কিছুটা সমস্যা রয়েছে ৷ তবে, আমাদের পুরো টিম অসাধারণ কাজ করেছে ৷ সঙ্গে তিনজন নার্স এবং ল্যাব কর্মীরা ছিলেন ৷"
তিনি বলেন, "ঝুঁকি শুরু থেকেই ছিল ৷ কারণ, প্রায় পাঁচ কেজি ওজনের এই টিউমারটি প্রাণঘাতী হয়ে উঠেছিল ৷ তাই অপারেশন ছাড়া কোনও উপায় ছিল না ৷ আমরা আলোচনা করে ও সবরকম ব্যবস্থা নিয়েই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি ৷ আমরা সফলও হয়েছি ৷"
অস্ত্রোপচারের পর হাসিনা বিবি বর্তমানে সুস্থ রয়েছেন ৷ তবে, তাঁকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক ৷ এই নিয়ে তাঁর স্বামী পিন্টুউদ্দিন আলি বলেন, "আমার স্ত্রীকে আগে প্রাইভেটে দেখাচ্ছিলাম ৷ তারপর ডাক্তারবাবুকে এখানে (শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল) দেখাই ৷ ডাক্তারই সব ব্যবস্থা করেছেন ৷ অনেক বড় টিউমার ছিল ৷ অপারেশন ভালো হয়েছে ৷"

