একই দিনে জোড়া সাফল্য, দূরপাল্লার ট্রেনে 790টি জ্যান্ত কচ্ছপ-সহ গ্রেফতার 4
ভাটিণ্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস ও কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে করে পাচারের চেষ্টা করা হচ্ছিল কচ্ছপগুলি ৷ তার আগেই ধরে ফেলে আরপিএফ ৷

Published : December 20, 2025 at 6:15 PM IST
মালদা, 20 ডিসেম্বর: জোড়া অভিযানে বড় সাফল্য ৷ পাচারের আগেই একই দিনে 790টি কচ্ছপ উদ্ধার করল মালদা টাউন আরপিএফ । গত শুক্রবার বিকেল ও সন্ধেয় বারহারবা স্টেশন এবং মালদা টাউন স্টেশন থেকে ওই কচ্ছপগুলি উদ্ধার হয়েছে ৷ একইসঙ্গে এই ঘটনায় তিন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃতদের বন দফতরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ ।
মালদা রেলওয়ে ডিভিশনের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আরপিএফের কাছে খবর আসে 15734 ভাটিণ্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেসে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার করা হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে মালদা টাউন আরপিএফের জওয়ানরা বারহাবরা স্টেশনে ওঁত পেতে থাকেন । ভাটিণ্ডা বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই এস ওয়ান কোচে হানা দেন জওয়ানরা ।

তথ্য অনুযায়ী, দুই মহিলা ও এক পুরুষের হেফাজত থেকে উদ্ধার হয় 18টি বস্তা । তল্লাশি চালিয়ে বস্তাগুলি থেকে মোট 662টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেন আরপিএফের জওয়ানরা । গ্রেফতার করা হয় ওই তিনজনকে । পরে আরপিএফের তরফে উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃতদের সাহেবগঞ্জ বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।
অন্যদিকে, ফরাক্কা স্টেশন ছাড়ার পর 13410 কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে পাঁচটি ভারী বস্তা-সহ এক মহিলার সন্দেহজনক গতিবিধি নজরে আসে আরপিএফ জওয়ানদের । খবর দেওয়া হয় মালদা টাউন স্টেশনের আরপিএফ আধিকারিকদের । রাত দশটা নাগাদ মালদা টাউন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছতেই হানা দেন আরপিএফ জওয়ানরা ।
তল্লাশি চালিয়ে মহিলার হেফাজতে থাকা পাঁচটি বস্তা থেকে উদ্ধার হয় 128টি জীবন্ত কচ্ছপ । খবর দেওয়া হয় বনদফতরে । বনদফতরের আধিকারিকরা উদ্ধার হওয়া কচ্ছপ-সহ ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নেয় । দুটি ঘটনার ক্ষেত্রেই ধৃতদের শনিবার সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয় ।
মালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্ত বলেন, "অপারেশন উইলিপের অধীনে আরপিএফ কর্তৃপক্ষ জোড়া অভিযানে 790টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে । দুটি ঘটনায় তিন মহিলা-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে । তদন্তের স্বার্থে এখনই ধৃতদের পরিচিতি সামনে আনা হচ্ছে না । যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ও অবৈধ কারবার রুখতে রেল দফতর তৎপর রয়েছে ।"

