ETV Bharat / state

কলকাতার গেস্ট হাউসে বান্ধবীকে ছুরির কোপ, গ্রেফতার ভিনরাজ্যের প্রেমিক

কলকাতার মুচিপাড়ার গেস্ট হাউসে রক্তারক্তি কাণ্ড ৷ প্রেমিকার কাঁধে ছুরির কোপ ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে চলছে জিজ্ঞাসাবাদ ৷

Representational Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 11:40 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: গেস্ট হাউসের ঘরে ভিতরে বান্ধবীর কাঁধে ছুরির কোপ ! প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ভিনরাজ্যের যুবক ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলা ৷ রবিবার বিকেলের রক্তারক্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কলকাতার কেন্দ্রস্থল বিবি গাঙ্গুলী স্ট্রিটে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত বিবাদের জেরে এমন ঘটনা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানার অন্তর্গত 159 নম্বর বিবি গাঙ্গুলী স্ট্রিটে অবস্থিত পিপি'স নেস্ট নামের এক গেস্ট হাউসের 412 নম্বর ঘরটি ভাড়া নেন এক যুগল ৷ অভিযোগ, 28 ডিসেম্বর বিকেল আনুমানিক 4টে 15 মিনিট নাগাদ ব্যক্তিটি আচমকাই বান্ধবীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন । মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় । ছুরির আঘাতে মহিলার কাঁধে গভীর ক্ষত তৈরি হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয় ।

সেই সময় ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে গেস্ট হাউসের কর্মীরা ছুটে আসেন । সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয় । মুচিপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বাসিন্দা 38 বছর বয়সি ওই মহিলা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন । অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।

মুচিপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতকে আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে । আহত মহিলার শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ানও রেকর্ড করা হবে । ঘটনার তদন্ত চলছে । ঘটনায় কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "ঘটনার তদন্তের পর বিষয়টি বিস্তারে জানানো সম্ভব হবে ।"

এদিকে, ঘটনার পরই অভিযুক্ত প্রণব কুমার সেলভারাজকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বয়স প্রায় 40 বছর । তিনি চেন্নাইয়ের জেভি নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ওই গেস্ট হাউসেরই একটি ঘরে বোর্ডার হিসাবে ছিলেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের বক্তব্যে নানা অসংগতি পাওয়া গিয়েছে ।

পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও বিবাদ থেকেই এই হামলা ৷ তবে এর পিছনে আরও কোনও কারণ রয়েছে কি না, তা জানতে অভিযুক্তকে আরও জেরা করা হবে । হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷

ঘটনার জেরে কিছু সময়ের জন্য গেস্ট হাউস চত্বরে উত্তেজনা ছড়ায় । পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করে । গেস্ট হাউসের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং কর্মীদের বয়ান খতিয়ে দেখা হয় । অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন কি না, কিংবা কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

পড়ুন: পরকীয়ার জের ! কোয়ার্টারে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ SI-এর বিরুদ্ধে