ETV Bharat / state

বুলডোজার অভিযান থেকে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতারি, 'দখল' নিয়ে কবিতা লিখলেন মমতা

বিজেপি সরকারে আসার পর হকার উচ্ছেদ থেকে তৃণমূল নেতা-কাউন্সিলরদের গ্রেফতারি প্রসঙ্গে কবিতা লিখে প্রতিবাদ জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

TMC on Hawker Eviction
কবিতা লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক থেকে সংগৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2026 at 8:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মে: একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তেই ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে রাজ্যজুড়ে ৷ বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযানে নেমেছে নয়া সরকার ৷ প্রায় প্রতিদিন তৃণমূল নেতা থেকে শুরু করে কাউন্সিলরদের অনেকেই গ্রেফতার হচ্ছেন হয় দুর্নীতি না হয় তোলাবাজির অভিযোগে ৷ এর প্রতিবাদে কবিতা লিখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শনিবার সন্ধ্যায় ফেসবুকে 'দখল' নামের একটি কবিতা পোস্ট করেন মমতা ৷ কবিতাটির প্রথম দু'টি পঙক্তিতে তৃণমূল নেত্রী লিখেছেন, "দখল মুক্ত করতে হবে, অসহায় দুর্বল মানুষদের ৷" এরপরই তিনি লিখেছেন, "আর কতো বুলডোজার, আর কতো অত্যাচার ?" এই পঙক্তি থেকেই বোঝা যায় তিনি হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ সম্প্রতি নিউমার্কেট, হাওড়া ও শিয়ালদা স্টেশন-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করেছে বিজেপি সরকার ৷

Former CM Mamata Banerjee writes on Hawker Eviction by BJP
হকার উচ্ছেদ নিয়ে লেখা প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা কবিতা (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক থেকে সংগৃহীত)

তৃণমূল জমানায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ৷ গত 4মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী তথা বিধাননগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুজিত বসু ৷ তাঁর বিরুদ্ধে পুর-নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী, তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে ৷ পুলিশ দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ৷ রক্ষাকবচ পেতে এই দম্পতি আদালতের দ্বারস্থ হন ৷ তাঁদের হয়ে আইনি লড়াই লড়েছেন প্রবীণ সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷

রাজনৈতিক পালাবদলের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতা-বিধায়কদের গ্রেফতারির ঘটনাকে উদ্দেশ্য করে মমতা লিখেছেন, "শতশত গ্রেপ্তার কেন ? কত পুরস্কার পাচ্ছো ? মানুষের তিরস্কার ?" এর মধ্যে শনিবার সকালে বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের দেহ। মৃত কাউন্সিলরের নাম সঞ্জয় দাস ৷ তিনি পুরসভার জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য ছিলেন ৷ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা গিয়েছে ৷ কাউন্সিলরের রহস্যমৃত্যুতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কবিতার অন্য একটি অংশে তৃণমূল নেত্রী লিখেছেন, "জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর, নিজেদের মনের জঞ্জালকে আগে দখল মুক্ত করো ৷" বিজেপি সরকার গড়ার পর 'আতঙ্কিত' তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিচ্ছেন ৷ কেউ বা ঘরছাড়া ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করে মমতা লেখেন, "জিতলেই যদি ? তবে মানুষ কেন আতঙ্কিত ? কেনই বা সন্ধেতে নামছে মধ্যরাত ? ভেবেছো কি একবার ?"