বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে মমতা আজ ফের পথে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল যাবে হাজরা
প্রথমে মিছিলের অনুমতি দিতে চায়নি পুলিশ ৷ হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল ৷ অবশেষে বেশ কয়েকটি শর্ত মেনে মিছিলের অনুমতি দেয় আদালত ৷

Published : July 8, 2026 at 11:12 AM IST
কলকাতা, 8 জুলাই: বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার দুপুর 2টো থেকে শুরু হবে কালীঘাটপন্থী তৃণমূলের মিছিল ৷ শেষ হবে বিকেল 4টেয় ৷ দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরায়। বারুইপুরের ঘটনার প্রতিবাদে তৃণমূল নেত্রী যখন মিছিল করবেন তার মাত্র কয়েক ঘণ্টা আগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের ৷
বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় তোলপাড় রাজ্য ৷ প্রতিবাদে সরব বিরোধী শিবিরও ৷ বারুইপুরের নৃশংস হত্যা ও অত্যাচারের ঘটনার প্রতিবাদে সোমবারও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিলে অংশ নেন । মিছিলের দাবি ছিল,'জাস্টিস ফর বারুইপুর'।
এরপর ফের পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল । কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় । পুলিশের বক্তব্য ছিল, ওই রাস্তায় একাধিক হাসপাতাল থাকায় কর্মদিবসে ওই রুটে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় । এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যুব তৃণমূল । মঙ্গলবার দুই পক্ষের বক্তব্য শোনার পর রুট পরিবর্তন-সহ একাধিক শর্ত আরোপ করে মিছিলের অনুমতি দেয় আদালত ।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয় ৷ তাতে বিচারপতি জানান, বুধবার পূর্বনির্ধারিত রুটে নয় বরং বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে । মিছিলে এক হাজারের বেশি সমর্থক থাকতে পারবেন না । দুপুর 2টো থেকে বিকেল সাড়ে 4টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে । রাস্তার এক দিক দিয়েই মিছিল করতে হবে ৷ বিকেল সাড়ে 4টার মধ্যে এলাকা সম্পূর্ণ খালি করে দিতে হবে ।
বিচারপতি আরও নির্দেশ দেন, মিছিলে কোনও ধরনের লাউডস্পিকার ব্যবহার করা যাবে না ৷ জনজীবন বিঘ্নিত করা চলবে না । কর্মসূচি শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে লিখিত আশ্বাস দিতে হবে যে, মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব সংগঠনই নেবে । আদালতের এ হেন নির্দেশের পরই বুধবার মিছিল করতে চলেছে তৃণমূল ৷
অন্যদিকে বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম এক অভিযুক্তের ৷ নিহতের নাম প্রভাস মণ্ডল । পুলিশের দাবি, অভিযুক্ত হঠাৎই তাদের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে সতর্ক করা হলেও সে না থামায় বাধ্য হয়ে গুলি চালানো হয় । তাতেই জখম হয় ওই অভিযুক্ত ৷ পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

