ETV Bharat / state

অগস্টের প্রথম 24 দিনে মালদা মেডিক্যালে 77 শিশুর মৃত্যু, পরিকাঠামো নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর

মালদা মেডিক্যালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ চলতি মাসের প্রথম 24 দিনে পর্যন্ত মালদা মেডিক্যালে শিশুমৃত্যুর সংখ্যা 77 ৷ পার্থ দাসের প্রতিবেদন ৷

MALDA MEDICAL COLLEGE CHILD DEATH
মালদা মেডিক্যাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 6:04 PM IST

|

Updated : August 27, 2026 at 6:21 PM IST

6 Min Read
Choose ETV Bharat

মালদা, 27 অগস্ট: মালদা মেডিক্যালের পরিকাঠামো মোটেই ভালো নয় ৷ বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির বিধায়ক ৷ 24 ঘণ্টায় 10 শিশুমৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন তাঁরাও ৷ এরই মধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে ৷ প্রতিটি শিশুর মৃত্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য স্বাস্থ্য ভবনে পাঠানোর জন্য মালদা মেডিক্যাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

এরই মধ্যে উঠে এসেছে নতুন তথ্য, গতকাল মেডিক্যালের একটি সূত্র জানিয়েছিল, 15 দিনে এখানে মৃত্যু হয়েছে 60 শিশুর ৷ হাসপাতালের নথি বলছে, চলতি মাসের 24 তারিখ পর্যন্ত মালদা মেডিক্যালে মৃত্যু হয়েছে 77 শিশুর ৷ তবে, মৃত শিশুদের বেশিরভাগই রেফার হয়ে আসা ৷ এত শিশুর মৃত্যুর রিপোর্ট পেয়ে 24 অগস্টই স্বাস্থ্য ভবনের তরফে চিঠি দিয়ে রেফার হয়ে আসা শিশুর সংখ্যা, তাদের কেস হিস্ট্রি, মৃত্যুর কারণ, বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত, হাসপাতালের বিভাগ অনুযায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা, সিক নিউবর্ন কেয়ার ইউনিটের ব্যবস্থাপনা, সেসবের পরিকাঠামো ঠিক রয়েছে কি না, এসবই জানতে চাওয়া হয়েছে ৷

MALDA MEDICAL COLLEGE CHILD DEATH
মালদা মেডিক্যালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন (ইটিভি ভারত)

তবে, শুধুই মালদা মেডিক্যাল নয়, রিপোর্ট তলব করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডঃ বিধানচন্দ্র রায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাছে ৷ সেইসঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে ৷ এবারই প্রথম নয়, এর আগেও মালদা মেডিক্যালে হঠাৎ করে বেশি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ৷

এই ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "স্বাস্থ্য, শিক্ষা-সহ যে কোনও বিষয়েই অনেক সমস্যা রয়েছে ৷ আজ সুইচ টিপলে আগামিকাল এসব পরিবর্তন করে দেওয়া সম্ভব নয় ৷ সরকার পরিবর্তন হলেও সঙ্গে সঙ্গে সিস্টেম পরিবর্তন করা যায় না ৷ একটু সময় দিতে হবে ৷ এই সিস্টেম আমাদের নতুন করে বানাতে হবে ৷ মালদা মেডিক্যালের পরিকাঠামো যে ভালো নয় আমরা জানি ৷ কিন্তু এসব ঠিক করতে সময়ের প্রয়োজন ৷ ডাক্তার কোথায় পাওয়া যাবে ? চাইলেই তো ডাক্তার ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া যাবে না ৷"

MALDA MEDICAL COLLEGE CHILD DEATH
একনজরে শিশুমৃত্যু (ইটিভি ভারত)

সুকান্ত আরও বলেন, "এতদিন চিকিৎসকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়নি ৷ মেডিক্যাল কলেজ বাড়ানোর চেষ্টা হয়নি ৷ উল্টে বাধা এসেছে ৷ তা না হলে মালদার সঙ্গেই দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ এতদিনে তৈরি হয়ে যেত ৷ তাহলে আমরা আরও সরকারি ডাক্তার পেতাম ৷ এখানে পরিকাঠামোর অবশ্যই উন্নতি হবে ৷ তবে তার জন্য সময় দিতে হবে ৷"

একনজরে শিশুমৃ্ত্যু

  • জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে 2009-10 সালে এখানে প্রতি মাসে গড়ে মৃত্যু হত 115টি শিশুর ৷
  • 2017-18 সালে এখানে প্রতি মাসে গড়ে মৃত্যু হত 57টি শিশুর ৷
  • 2014 সালের সেপ্টেম্বরে 72 ঘণ্টায় মৃত্যু হয়েছিল 15 শিশুর ৷
  • সেই বছরই কাঁচা লিচু খেয়ে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে আক্রান্ত হয়ে মেডিক্যালে মৃত্যু হয়েছিল 14 শিশুর ৷
  • 2021 সালের সেপ্টেম্বর মাসেও এখানে শিশুমৃত্যুর সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় ৷
  • সেই সময় ভাইরাল জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় দিনে গড়ে 60টি শিশুকে এখানে ভর্তি করা হয়েছিল ৷
  • শয্যার অভাবে একটি বেডে তিনটি শিশুকেও রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ ৷ মৃত্যুও হয়েছিল কয়েকটি শিশুর ৷

মেডিক্যালের এক আধিকারিক বলছেন, সাধারণত এই মেডিক্যালে দিনে তিন থেকে চারটি শিশুমৃত্যুর ঘটনা স্বাভাবিক ৷ 24 ঘণ্টায় যে 10 শিশুর মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের মধ্যে দু'টি শিশুর জন্ম হয়েছিল মেডিক্যালে ৷ বাকি আটজনই বাইরে থেকে রেফার হয়ে আসা ৷ অর্থাৎ, মালদা মেডিক্যালে জন্মানো শিশুদের মৃত্যুর হার স্বাভাবিকের থেকে কম ৷ যখন কোনও নার্সিং হোম কিংবা বেসরকারি হাসপাতাল দেখে তাদের আর কিছু করার নেই, তখনই বাচ্চাদের মেডিক্যালে রেফার করে দেয় ৷"

তাঁর কথায়, "একই ঘটনা আমরা লক্ষ্য করছি কিছু সরকারি হাসপাতালের ক্ষেত্রেও ৷ তাই এই ঘটনায় শুধু মালদা মেডিক্যাল কর্তৃপক্ষকে দায়ী করা হচ্ছে কেন ? তাছাড়া শুধু তো মালদা নয়, রাজ্যের আরও একাধিক মেডিক্যালে অল্প সময়ে অনেক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ৷ সেসব ঘটনা অবশ্য সংবাদমাধ্যমের নজরে আসেনি ৷"

MALDA MEDICAL COLLEGE CHILD DEATH
মালদা মেডিক্যালের মাতৃমা (ইটিভি ভারত)

এদিকে মেডিক্যাল সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, চলতি মাসের 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে 77টি শিশুর ৷ অবশ্য সেই শিশুদের ক'জন মেডিক্যালে জন্ম নিয়েছিল, বাইরে থেকে কতজন রেফার হয়ে এসেছিল, তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ৷ তবে, যেসব নার্সিং হোম কিংবা বেসরকারি হাসপাতাল থেকে ওই শিশুদের মেডিক্যালে রেফার করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলিতে ইতিমধ্যে প্রশাসন অভিযান শুরু করেছে ৷ কয়েকটি নার্সিং হোমের গাফিলতির নমুনাও প্রশাসনের নজরে এসেছে ৷ সেই নার্সিং হোমগুলির কর্তৃপক্ষকে শো-কজও করা হয়েছে ৷

মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, "80 শতাংশ ক্ষেত্রে দেখা যায়, পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে শিশুদের মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ অনেক সময় দীর্ঘ রাস্তা পেরিয়ে শিশুদের যখন মেডিক্যালে ভর্তি করা হয়, তখন এখানকার চিকিৎসকদের করার কিছু থাকে না ৷ তবুও আমরা প্রত্যেককে বাঁচানোর চেষ্টা করি ৷ একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দিনে তিন থেকে চারটি শিশুমৃত্যুর ঘটনা স্বাভাবিক বিষয় ৷ বড় বড় হাসপাতাল কিংবা অত্যাধুনিক পরিকাঠামো থাকা মেডিক্যাল কলেজগুলিতেও এই ঘটনা ঘটে থাকে ৷

মালদা মেডিক্যালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়িও ৷ তাঁর বক্তব্য, "বাম জমানায় মালদা সদর হাসপাতালকে মেডিক্যালে উন্নীত করা হয় ৷ শুরু থেকেই এই মেডিক্যাল ধুঁকছিল ৷ তার মধ্যেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল ৷ গত 15 বছর এখানে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হত চিকিৎসকদের ৷ তাঁরা ঠিকমতো পরিষেবাও দিতেন না ৷ মালদা মেডিক্যালের পরিকাঠামো উন্নয়নে তৃণমূল সরকার সেভাবে কাজও করেনি ৷"

তিনি যোগ করেন, "পরিকাঠামোর অনেক খামতি থেকে গিয়েছে ৷ তার উপর রয়েছে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, এমনকী বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের রেফার সিস্টেম ৷ অনেক সময় রোগীদের এমন সময় মেডিক্যালে রেফার করা হয়, যখন চিকিৎসকদের কিছু করার থাকে না ৷ এসব একদিনে ঠিক করা যাবে না ৷ তবে, ধীরে ধীরে আমাদের এটা ঠিক করতে হবে ৷ তার জন্য ইতিমধ্যেই আমরা প্রশাসনিক স্তরে বৈঠক করেছি ৷ বিষয়টি নিয়ে বিধানসভাতেও আলোচনা করা হবে ৷"

Last Updated : August 27, 2026 at 6:21 PM IST