ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে বড়সড় বদল, প্রতিষ্ঠান-বিষয় পাল্টানোর সুযোগ পাবেন পড়ুয়ারা
নতুন এই সিদ্ধান্তের ফলে পছন্দ অনুযায়ী বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তনের দরজা ফের খুলে গেল। আগে ভর্তি হয়েছেন এমন পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত ।

Published : August 30, 2026 at 11:54 PM IST
কলকাতা, 30 অগস্ট: ইঞ্জিনিয়রিংয়ে ভর্তির ক্ষেত্রে 'বিকেন্দ্রীভূত কাউন্সেলিং' নিয়ে নিজেদের আগের সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। গত 27 অগস্টের বিজ্ঞপ্তিতে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, রবিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে তা প্রত্যাহার করে নিল বোর্ড। পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ।
ফলে কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারাও এবার বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, পছন্দ অনুযায়ী বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তনের দরজা তাঁদের জন্য ফের খুলে গেল।
রাজ্যে ইঞ্জিনিয়রিং, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তির ক্ষেত্রে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে বোর্ড। বোর্ডের আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিমধ্যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারা এই প্রক্রিয়ায় আর অংশ নিতে পারবেন না।
সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি এবং উদ্বেগ। তাঁদের একাংশের বক্তব্য ছিল, কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি কোনও পড়ুয়া নিজের পছন্দের বিষয় বা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পান, তাহলে মেধা ও পছন্দের ভিত্তিতে আরও ভালো বিকল্প বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়।
পড়ুয়াদের একাংশের যুক্তি ছিল, কাউন্সেলিংয়ের সময় নির্দিষ্ট কোনও বিষয় বা কলেজে ভর্তি হওয়ার পর পরিস্থিতি বদলাতে পারে। মেধার ভিত্তিতে অপেক্ষাকৃত ভালো কোনও আসন বা পছন্দের প্রতিষ্ঠান খালি হলে সেখানে যাওয়ার সুযোগ পাওয়া উচিত। কিন্তু আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই নিজেদের পছন্দের বিকল্প নেওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
যদিও এই সিদ্ধান্তের পিছনে বোর্ডেরও নির্দিষ্ট যুক্তি ছিল। জানানো হয়েছিল, জুলাই মাসেই কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের তিনটি দফা সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ায় পড়ুয়াদের একাধিকবার রেজিস্ট্রেশন, এডিটিং, আপগ্রেডেশন এবং বিষয় বা প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে যাঁরা ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁদের ফের বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ দিলে কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের উদ্দেশ্য এবং গুরুত্ব অনেকটাই নষ্ট হতে পারে।
পাশাপাশি,ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়াদের আবার নতুন করে সুযোগ দিলে যাঁরা এখনও কোনও প্রতিষ্ঠান পাননি, তাঁরা সমস্যায় পড়তে পারেন। আগে থেকে ভর্তি হওয়া পড়ুয়ারা নতুন করে আসন গ্রহণ করলে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফের আসন খালি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যেই পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে মাঝপথে ভর্তি প্রক্রিয়া শুরু হলে আসন বণ্টন এবং ক্লাসের স্বাভাবিক প্রক্রিয়াতেও প্রভাব পড়তে পারে বলে মনে করেছিল বোর্ড।
এই কারণেই প্রথমে বোর্ড জানিয়েছিল, বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য হল যে সমস্ত পড়ুয়া এখনও কোথাও ভর্তি হতে পারেননি, তাঁদের জন্য অবশিষ্ট আসনে ভর্তির সুযোগ তৈরি করা। ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়াদের নতুন করে সুযোগ না-দেওয়ার সিদ্ধান্তও সেই যুক্তিতেই নেওয়া হয়েছিল।
কিন্তু বোর্ডের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে আপত্তি ওঠে। পড়ুয়া এবং সংশ্লিষ্ট মহলের তরফে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় কেন ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়াদের আরও একটি সুযোগ দেওয়া হবে না, তা নিয়েও আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত বিষয়টি উচ্চশিক্ষা দফতরের নজরে আসে। সূত্রের খবর, এরপরই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়।
রবিবার বড়সড় সিদ্ধান্ত বদল করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগের বিজ্ঞপ্তিতে থাকা সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহার করে জানানো হয়েছে, ইতিমধ্যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারাও বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। ফলে নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তনের সম্ভাবনা তাঁদের সামনে ফের তৈরি হল।
তবে নতুন করে পুরো প্রক্রিয়াটি কীভাবে হবে, তার বিস্তারিত এখনও জানায়নি বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই সংশোধিত বিকেন্দ্রীভূত কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একইসঙ্গে সংশোধিত কাউন্সেলিং সূচিও আলাদা করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিষয়টি নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লেখেন, বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে পড়ুয়াদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সরকার মেধার সঙ্গে কোনও আপস করবে না। পাশাপাশি কলেজভিত্তিক ভর্তির ক্ষেত্রে মেধাতালিকায় না থাকা পড়ুয়াদের ভর্তি নিয়েও নিয়ন্ত্রণ আনার পক্ষে সরকার।
মন্ত্রী আরও জানান, বিষয়টি সরকারের নজরে আসার পরই সংশোধনী প্রকাশ করা হয়েছে। খুব দ্রুত পৃথক বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিং প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে। যেহেতু এই বছরই প্রথমবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং করা হচ্ছে, তাই পড়ুয়া এবং অভিভাবকদের অযথা আতঙ্কিত না হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
ফলে আপাতত বোর্ডের সিদ্ধান্ত বদলে ফের স্বস্তি ফিরেছে সেই সমস্ত পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে, যাঁরা কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে কোনও একটি কলেজ বা বিষয়ে ভর্তি হয়ে গেলেও পছন্দের প্রতিষ্ঠান বা বিষয় পরিবর্তনের সুযোগ খুঁজছিলেন। এখন সংশোধিত বিজ্ঞপ্তি এবং নতুন কাউন্সেলিংয়ের সূচি প্রকাশের অপেক্ষা।

