সক্রিয় নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বর্ষণের পূর্বাভাস
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে । উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Published : September 1, 2026 at 7:38 AM IST
কলকাতা, 1 সেপ্টেম্বর: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ সক্রিয় রয়েছে । এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । এর প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখাও বর্তমানে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে । ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া যেমন থাকবে
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । অন্যান্য জেলায় হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ।
আগামিকাল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে । তারপর বৃষ্টির দাপট কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
উত্তরেও বর্ষণের পূর্বাভাস
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার দু'টিতে অর্থাৎ, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া বাকি তিনটিতে অর্থাৎ, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে । শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
গতদিনের বৃষ্টিপাতের পরিমাণ
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে সোমবার ৷ এর মধ্যে সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র দিঘায় সোমবার সকাল 8টা 30 মিনিট পর্যন্ত 24 ঘণ্টায় রাজ্যের সর্বোচ্চ 74 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । আইএমডি-র তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সাগর দ্বীপে 65 মিমি, হলদিয়ায় 61 মিমি এবং সিউড়িতে 33 মিমি বৃষ্টিপাত হয়েছে ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.06 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.09 ডিগ্রি সেলসিয়াস নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.07 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.01 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 এবং সর্বনিম্ন 78 শতাংশ ।
আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

