হাড়োয়ায় তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ, গ্রেফতার যুবক
এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি৷ পরিবারের তরফেও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হয়েছে৷

Published : July 2, 2026 at 7:51 PM IST
হাড়োয়া (উত্তর 24 পরগনা), 2 জুলাই: বছর আঠারোর এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে লাভ জিহাদের অভিযোগ সামনে এসেছে৷ পরিবারের দাবি, নিজের ধর্ম লুকিয়ে এক যুবক ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন৷ সত্যি জানতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তিনি৷ তখনই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে ওই প্রেমিক৷ তার জেরেই চরম সিদ্ধান্ত নেন ওই তরুণী৷ এই ঘটনায় সরব হয়েছে বিজেপি৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
এই বিষয়ে বসিরহাট পুলিশ জেলার এসপি অলকানন্দা ভাওয়াল জানিয়েছেন, অভিযোগ হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে লাভ জিহাদ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তিনি সেই বিষয়টি মান্যতা দিতে চাননি।
ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বছর আঠারোর এক তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক হয় তৈরি হয়৷ ওই যুবক উত্তর 24 পরগনার মাটিয়া থানা এলাকার বাসিন্দা৷ বছর দুয়েক আগে দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়৷ ঘনিষ্ঠতাও হয়৷ ওই যুগল একাধিকবার সহবাসও করেন৷ সেই সময় তোলা দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ও ভিডিয়ো ছেলেটির কাছে ছিল৷
তরুণীর বাবার দাবি, তাঁর মেয়ে বছর দুয়েক পর জানতে পারে যে ছেলেটি নিজের ধর্ম লুকিয়েছে৷ শুরুতে ছেলেটি তাঁর মেয়েকে জনিয়েছিল যে সে-ও একই ধর্মের৷ আসলে সে অন্য ধর্মের৷ এই বিষয়টি জানতে পেরে ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করে৷ কিন্তু সেই সময় থেকেই ওই ছেলেটি তাঁর মেয়েকে ব্ল্যাকমেল করা শুরু করে৷ তখন থেকে তাঁর মেয়ে একেবারে ঘরবন্দি হয়ে পড়ে৷
গত মঙ্গলবার রাতে ঘর থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ তরুণীর মা প্রথম ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখেন৷ তাঁর কান্না-চিৎকারে বিষয়টি বাড়ির অন্যরা এবং পাড়া-প্রতিবেশী জানতে পারে৷ স্থানীয়রাই তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
ধর্ম লুকিয়ে এক যুবকের এই কাণ্ডে এক তরুণীর মর্মান্তিক পরিণতির কথা জানতে পেরে সরব হয় বিজেপি৷ বিজেপির হাড়োয়া মণ্ডল-1 এর সভাপতি রজতবরণ রায় এটিকে একটি পরিকল্পিত সামাজিক ব্যাধি বলে দাবি করেন৷ তিনি বলেন, ‘‘ভুয়ো পরিচয় বা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে হিন্দু মা-বোনদের ওপর এই লাভ জিহাদের আক্রমণ চালানো হচ্ছে।’’ তিনি জানান, তাঁরা এই পরিবারের পাশে আছেন এবং থানার কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
একইভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি জেলা কমিটির সদস্য পুতুল সাহা৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। এরা মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে তাঁরা জীবন শেষ করার পথ বেছে নিতে বাধ্য হয়।’’ তাঁরা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলছেন।
পরিবারের তরফে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে৷ বৃহস্পতিবার অভিযুক্তকে পেশ করা হয়েছে আদালতে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি৷

