উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টার: দ্বিগুণেরও বেশি এনরোলমেন্ট ফি নিচ্ছে স্কুল !
তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারির জন্য অতিরিক্ত 10 গুণ ফি নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ তদন্তের আশ্বাস জেলা প্রশাসনের ৷

Published : December 12, 2025 at 5:49 PM IST
আলিপুরদুয়ার, 12 ডিসেম্বর: উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমেস্টারে নাম নথিভুক্তকরণ বা এনরোলমেন্টের জন্য 215 টাকা করে ধার্য করেছে সংসদ ৷ কিন্তু, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের তুরতুরি এলাকার লোকনাথপুর হাইস্কুলে ছবিটা অন্য ৷ অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ 215 টাকার বদলে 500 টাকা করে এনরোলমেন্ট ফি নিচ্ছে ৷ এর জেরে এখনও নাম এনরোল করাতে পারেনি স্কুলের অধিকাংশ পড়ুয়া ৷
অভিযোগ, শুধুমাত্র এনরোলমেন্ট ফি নয় ৷ তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পাশ করতে না-পারা পড়ুয়াদের ক্ষেত্রে টাকার অংকটা দ্বিগুণ ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়া তৃতীয় সেমেস্টারে এক বা দু’টি বিষয়ে অনুত্তীর্ণ হলে, সে সাপ্লিমেন্টারি দিতে পারবে চতুর্থ সেমেস্টারের সঙ্গেই ৷ সেক্ষেত্রে বিষয় প্রতি 50 টাকা সাপ্লিমেন্টারি ফি দিতে হবে ৷
কিন্তু, তুরতুরির লোকনাথপুর হাইস্কুলে এক, দুই বা তিন - ফেল করা বিষয় যতগুলি হোক না-কেন, তার জন্য 500 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ অর্থাৎ, একটি বিষয়ে যার সাপ্লিমেন্টারি, সেই পড়ুয়া এবং যাকে দু’টি বা তিনটি বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হচ্ছে, তারা সবাই 500 টাকা করে ফি দিচ্ছে ৷ অর্থাৎ, প্রায় 10 গুণ ফি বেশি দিতে হচ্ছে ৷
স্কুলের ক্লার্ক শৈলেন নার্যিনারি 500 ও 1000 টাকা করে নিয়ে, তার রসিদও দিচ্ছেন পরীক্ষার্থীদের ৷ তবে, অতিরিক্ত এই ফি ধার্য করায় স্কুলের বহু পড়ুয়া উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের জন্য নাম এনরোল করাতে পারেনি বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে ক্লার্ক শৈলেন নার্যিনারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী টাকা নিচ্ছি ৷"

লোকনাথপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নব্যেন্দু মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তা সম্ভব হয়নি ৷ এমনকি তিনি স্কুলেও আসেননি বলে জানা গিয়েছে ৷
এ নিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলার সভাপতি ভাস্কর মজুমদার বলেন, "রসিদ দিয়ে 500 টাকা ও 1000 টাকা নেওয়া হলে, সেরকম প্রমাণ আমাদের দিন ৷ সেই প্রমাণ নিয়ে আমরা নির্ধারিত জায়গায় অভিযোগ জানাব ৷ এটা একটা গুরুতর অভিযোগ ৷ প্রমাণ ছাড়া আমরা কোনও স্কুলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারি না ৷ সংসদ 215 টাকা এনরোলমেন্ট ফি ধার্য করেছে ৷ সঙ্গে সেন্টার ফি থাকে ৷ তবে, সেটা তিনশো টাকা নয়, খুবই সামান্য ৷ আর সাপ্লিমেন্টারির জন্য বিষয় পিছু 50 টাকা ধার্য করা হয়েছে ৷ দশ গুণ নয় ৷ অভিভাবকরা ওই রসিদ নিয়ে এসে অভিযোগ জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব ৷"

অন্যদিকে, স্কুল পরিচালন কমিটির সভাপতি বাদল সোমের দাবি, "আমি এসবের কিছুই জানি না ৷ আমাকে খোঁজ নিতে হবে ৷ প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানাতে পারব ৷" এ নিয়ে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও সেরিং শেরপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷"

