ETV Bharat / state

জলপাইগুড়ি 3 নম্বর রেল গুমটিতে ফ্লাইওভার, দোকান ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা

3 নম্বর রেল গুমটিতে ফ্লাইওভারের জন্য শুরু জমির মাপজোক ৷ দীর্ঘদিনের যানজট কাটাতেই ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত রেল ও রাজ্য সরকারের ৷

Shops Demolishe for Flyover
জলপাইগুড়ি 3 নম্বর রেল গুমটিতে ফ্লাইওভারের জন্য শুরু জমির মাপজোক ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2026 at 3:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 4 জুলাই: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে শুরু হতে চলেছে জলপাইগুড়ি তিন নম্বর গুমটিতে ফ্লাইওভারের কাজ ৷ আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জলপাইগুড়ির একাংশ ব্যবসায়ীর ৷ কারণ, ওই গুমটি সংলগ্ন এলাকায় থাকা দোকানগুলি ভাঙা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে বহু প্রতিক্ষিত জলপাইগুড়ি তিন নম্বর গুমটির ফ্লাইওভারের জন্য অর্থ বরাদ্দ করেছে রেলমন্ত্রক ৷ এরপরেই ফ্লাইওভারের জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে ৷ আর তাতেই চিন্তায় ব্যবসায়ীরা ৷

জলপাইগুড়ি তিন নম্বর গুমটিতে রেললাইনে পারাপারে যে দুর্ভোগের অভিযোগ ছিল, তা অবসান হতে যাচ্ছে ৷ টাকা বরাদ্দ হওয়ার পর, রেললাইনের উপর দিয়ে ফ্লাইওভারের জন্য জমি চিহ্নিত করেছে ফেলেছে রেল ৷ গত মঙ্গলবার থেকে জমির মাপজোক শুরু হয়েছে ৷ আর তার পরেরদিন অর্থাৎ, বুধবার দুপুরে জেলা ভূমি ও রাজস্ব দফতর তিন নম্বর গুমটি এলাকায় মাপজোক শুরু করে ৷ তারপরেই তিন নম্বর গুমটির আশেপাশের দোকান ভাঙা পড়ার আশঙ্কায় ব্যবসায়ীদের কপালে দুঃশ্চিন্তার মেঘ জমেছে ৷

জলপাইগুড়ি 3 নম্বর রেল গুমটিতে ফ্লাইওভার, দোকান ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা (ইটিভি ভারত)

উল্লেখ্য, জলপাইগুড়ির মাঝখান দিয়ে যাওয়া এই রেললাইন এই শহরকে কার্যত দু’ভাগে ভাগ করেছে ৷ বিগত কয়েকবছরে জলপাইগুড়ি শহরের জনসংখ্যা বেড়েছে ৷ সেই সঙ্গে বেড়েছে যানবাহন চলাচলের সংখ্যাও ৷ তিন নম্বর গুমটিতে রেল গেট হওয়ার ফলে যানজটের জেরে বিরাট অসুবিধার মধ্যে পড়ে শহরবাসী ৷ অভিযোগ ছিল, রেললাইনের গেট পড়লে লোকজনকে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হয় ৷ তাই কয়েক দশক ধরে তিন নম্বর গুমটিতে ফ্লাইওভারের দাবি করছিলেন স্থানীয়রা ৷ রাজ্যে পালাবদলের পরেই রেল ফ্লাইওভারের জন্য অর্থ বরাদ্দও করেছে ৷ তারপরেই জমি পরিমাপের কাজ শুরু হয়েছে ৷

তবে, ওই গুমটির আশেপাশে রাস্তার ধারে জমিতে দীর্ঘ সময় ধরে দোকান খুলে জীবিকা নির্বাহ করে আসছেন অনেক মানুষ ৷ তিন নম্বর গুমটিতে ফ্লাইওভারের জন্য জমি চিহ্নিত হওয়ার ফলে এখন রুটিরুজিতে আঘাত হানার আশঙ্কায় ব্যবসায়ীরা ৷ এমন বেশ কিছু মানুষের রুটিরুজিতে টান পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ৷

জলপাইগুড়ি শহরের বাসিন্দা জয়দীপ ঘোষ বলেন, "ফ্লাইওভারটি যেখান থেকে হবে, তাতে শহরবাসীর কোনও লাভ হবে বলে মনে হয় না ৷ আমাদের রেললাইন পার হতেই হবে বলে শুনতে পেলাম ৷ এক ব্যবসায়ী বুম্বা ঘোষ বলেন, "জলপাইগুড়ি শহরে তিন নম্বর গুমটিতে ফ্লাইওভারের দরকার ৷ কিন্তু, আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তার পাশে দোকান করছি ৷ আমাদের সেই দোকানগুলি ভাঙা পড়বে কি না সেটাই এখন দেখার ৷"