ETV Bharat / state

কনভয়ে হামলা ! পুলিশ ফাঁড়িতে ধর্নায় শুভেন্দু. হতাশার বহিঃপ্রকাশ বলল তৃণমূল

বিরোধী দলনেতার অভিযোগ, প্রাণে মেরে ফেলতেই তাঁর কনভয়ে হামলা চালায় তৃণমূল । ঘটনায় শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ।

SUVENDU ADHIKARI
পুলিশ ফাঁড়িতে ধর্নায় শুভেন্দু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 12:29 AM IST

3 Min Read
Choose ETV Bharat

চন্দ্রকোনা, 11 জানুয়ারি: কনভয়ে হামলার প্রতিবাদে চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে ধর্নায় বসলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ তিনি থানাতেই বসে থাকবেন । পরে অভিযোগ দায়ের সময়ও পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

শুভেন্দুর অভিযোগ, কনভয়ে হামলা চালিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল । কিন্তু এফআইআরে এই অংশটি যুক্ত করা নিয়ে আপত্তি করেন ফাঁড়ির পুলিশ আধিকারিক। এরপরই বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, "খুনের চেষ্টার অভিযোগের কথা আপনাকে লিখতেই হবে । নইলে কোর্টের রাস্তা খোলা আছে ।" পাল্টা বিরোধী দলনেতাকে আক্রমণ করেছে তৃৃণমূল ।

পুলিশ ফাঁড়িতে ধর্নায় শুভেন্দু, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় শনিবার সন্ধ্যায় চন্দ্রকোনায় তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ । প্রায় এক ঘণ্টা ধরে তৃণমূলের কর্মীরা দলীয় পতাকার পাশাপাশি বাঁশ ও লাঠি নিয়ে তাঁর গাড়িতে চড়াও হলে পুলিশ আসেনি বলে দাবি শুভেন্দুর। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্য়ে প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, একদল হাতে তৃণমূলের পতাকা নিয়ে বিরোধী দলনেতার গাড়ির সামনে জড়ো হয়েছে । তারা স্লোগানও দিচ্ছে । এরপর সেখান থেকে সোজা চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে পৌঁছে যান দলনেতা । তাঁর সঙ্গে বিজেপির নেতা-কর্মীরা ছিলেন । হাতে পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা শুভেন্দুুর সঙ্গে থানার ভিতরে প্রবেশ করেন ।

থানায় ঢুকে মাটিতেই বসে পড়েন বিরোধী দলনেতা । কর্তব্য়রত পুলিশ কর্মীকে তিনি বলেন, "আপনারা ইর্য়াকি পেয়েছেন ! একঘণ্টা ধরে হামলা হল আর আপনারা কেউ যেতে পারলেন না !" পরে তাঁকে আরও বলতে শোনা যায়, যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তিনি থানাতেই বসে থাকবেন ।

দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে তিনি বলেন, "আপনার এসপিকে জানান যে আমি থানায় বসে আছি ।" রাত সাড়ে আটটার সময় এভাবে হামলা হল আর তা নিয়ে পুলিশ কেন কোনও ব্যবস্থা নিল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "এরপর সন্ধ্য়ায় মানুষ বাড়ি থেকে বেরতে ভয় পাবেন । মাত্র 20টা লোক নিয়ে এসে একঘণ্টা ধরে হামলা করল আর আপনারা (পুলিশ) কিছু করলেন না । যতক্ষণ না (অপরাধীদের ) গ্রেফতার করছেন আমি এখানেই বসে থাকব ।"

ওই অবস্থা থেকেই তিনি দলীয় কর্মীদেরকয়েকটি নির্দেশ দেন। কখনও তিনি জানান, কনভয়ে হামলার ভিডিয়ো তাঁকে দিতে। কখনও আবার তাঁকে বলতে শোনা যায়, "আইনজীবীকে খবর দাও ।" মাটিতে বসেই অভিযোগের বয়ান লেখার কাজ শুরু করেন শুভেন্দু । পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক । একাধিকবার তাঁকে বলতে শোনা যায়, "দলদাস মমতার পুলিশ ।" এক সাংবাদিক তাঁর কাছে কনভয়ে হামলার কারণ জানতে চান । বিরোধী দলনেতা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই তাঁর কনভয়ে হামলা হয়েছে । এরপরই তাঁর সংযোজন, "গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার লোক আমি নই ! গ্রেফতার না হওয়া পর্যন্ত এখানেই আছি ।"

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "শুভেন্দু মিথ্যাচার করে বলেছিলেন বাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে । এত মানুষের নাম বাদ দিতে চেয়েছিলেন । কিন্তু নাম বাদ দিতে না পারায় তিনি মানসিক বিকার গ্রস্ত হয়ে চন্দ্রকোনায় থানায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। শুভেন্দুকে বলব, আগামী 15 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে সেবাশ্রয় আশ্রম অনুষ্ঠান করবেন সেখানে প্রথম রোগী হিসেবে তিনি নিজেকে ট্রিটমেন্ট করিয়ে নিন। তাতে রাজ্যের মানুষ অনেক উপকৃত হবে।"