ETV Bharat / state

ব্রিগেডে গীতাপাঠ: 'চিকেন' প্যাটিস বিক্রেতাকে গণপিটুনি ! স্বতঃপ্রণোদিত মামলার আবেদন

ময়দান থানায় এফআইআর দায়ের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের ও প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি ৷

MOB LYNCHING AT BRIGADE
স্বতঃপ্রণোদিত মামলার আবেদন করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 9, 2025 at 5:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 ডিসেম্বর: 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'চিকেন প্যাটিস' বিক্রেতাকে গণপিটুনির অভিযোগ ৷ আর সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে চিঠি লিখলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন করেছেন তিনি ৷

পাশাপাশি ময়দান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী ৷ চিঠিতে তিনি লিখেছেন, "গত 7 ডিসেম্বর রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠে'র অনুষ্ঠানে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক গণপিটুনির ঘটনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি ৷"

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, "সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে অসংগঠিত ক্ষেত্র থেকে আসা এক গরিব ফেরিওয়ালা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিছু খাবার (প্যাটিস) বিক্রি করছিলেন ৷ তখন সেখানে উপস্থিত ভিড় বিনা প্ররোচনায় তাঁর উপর হামলা চালায় এবং ওই ফেরিওয়ালার জীবিকা নির্বাহের সামগ্রী ভাঙচুর করে ৷"

এই গণপিটুনির অভিযোগের প্রেক্ষিতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তেহসিন এস পুনাওয়ালা বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকার উল্লেখ করেন ৷ সেই সঙ্গে ব্রিগেডের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি ৷ প্রয়োজনে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শনাক্তকরণ ও উপযুক্ত শাস্তির দাবি করেছে সায়ন ৷ সেই সঙ্গে ওই 'চিকেন প্যাটিস' বিক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আবেদনও করেছেন আইনজীবী সায়ন ৷

অন্যদিকে, রবিবারের এই ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ করেছেন আইনজীবী ৷ তিনি চিঠিতে লিখেছেন, "সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের উচিত ছিল গণপিটুনির মতো ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা ৷ কিন্তু, এক্ষেত্রে কলকাতা পুলিশ চুপ করে বসে রয়েছে ৷"

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি লেখার পাশাপাশি, এ দিন দুপুরে ময়দান থানায় যান সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করান ৷ পুলিশের তরফে 'আনভেরিফায়েড এভিডেন্স'-এর ভিত্তিতে অভিযোগটি নেওয়া হয়েছে ৷

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "মব লিনচিং শুধুমাত্র পিটিয়ে মেরে ফেলা নয় ৷ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী গণপিটুনিও 'মব লিনচিং'-এর মধ্যে পড়ে ৷ আর ঘটনাটি ঘটেছে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে ৷ কোনও জেলার প্রত্যন্ত এলাকায় নয় ৷ কলকাতা শহরের বুকে এমন ঘটনা ঘটল ৷ আর কলকাতা পুলিশ পুরো ঘটনায় মুখ বুজে বসে রয়েছে ৷ তাদের উচিত ছিল স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া ৷"