ETV Bharat / state

ব্রিগেডে গীতাপাঠ: প্যাটিসওয়ালার উপর হামলায় বিজেপির মানসিকতাকে দায়ী করলেন কুণাল

অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারি ও শাস্তির দাবি তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক ৷ বিএলও-দের নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে কমিশনের কোর্টে বল ঠেললেন কুণাল ৷

ATTACK ON PATTIES SELLER IN BRIGADE
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 9, 2025 at 8:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 ডিসেম্বর: ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে এক ফেরিওয়ালাকে 'চিকেন' প্যাটিস বিক্রি করায় মারধরের অভিযোগ উঠেছে ৷ যে ঘটনার একটি ভিডিয়োর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী ৷ সেই ঘটনার জন্য সরাসরি বিজেপি ও তাদের চিন্তাধারাকে দায়ী করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷

কুণালের বক্তব্য, একজন দরিদ্র প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ, বিজেপির নিম্ন মানসিকতার প্রতিফলন ৷ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷

কুণাল ঘোষ বলেন, "ময়দান এলাকায় প্রচুর মানুষ ছোট-ছোট খাবারের দোকান করেন ৷ ছুটির দিন যাঁরা বেড়াতে যান, তাঁরা ওই দোকানগুলি থেকে খাবার কিনে খান ৷ ব্রিগেড ময়দানে গীতাপাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হল ৷ কারণ, তিনি গীতাপাঠের আসরের কাছে নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন ৷ গীতাতে কি ভগবান কৃষ্ণ লিখে গিয়েছিলেন, গরিবদের উপর মারধর করতে হবে ?"

সেখানে উপস্থিত যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের এই আচরণ উদ্বেগজনক বলে অভিহিত করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ অবিলম্বে তাঁদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রাজ্যের বিরোধী ও বিজেপির প্রচারধর্মী ভিডিয়ো নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কুণাল বলেন, "এই রাজ্যে গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ ৷ কারণ, ভিডিয়োটি এই রাজ্যে ঘুরতে পারছে ৷ বিজেপি যে রাজ্যে রাজত্ব করছে, সেখানকার সরকারের বিরোধিতা করে কেউ এই ধরনের ভিডিয়ো করার সাহসই পাবে না ৷"

অন্যদিকে, রাজ্যে এসআইআর ইস্যুতে বিএলও-দের সম্পর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, "বিএলও সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে নির্বাচন কমিশনের কথা বলা উচিত, রাজ্য সরকারের নয় ৷ নির্বাচন কমিশন বিএলও-দের নিরাপত্তার ব্যাপারে যা খুশি তাই করতে পারে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিক ৷"

'বাবরি' মসজিদের শিলান্যাসের পর ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে কুণাল বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে থাকার যে দাবি হুমায়ুন কবীর করছেন, তা একেবারেই অসার ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যা করেছে, তা আগে কেউ করেনি ৷"

কুণালের দাবি, হুমায়ুন কবীরকে শূন্য আসনবিহীন দলগুলি, সিপিআইএম এবং কংগ্রেস গোপনে সমর্থন করছে ৷ কিন্তু, 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 250টি আসন জিতবেন এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ৷